কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে জানান হচ্ছে যে এখনও পর্যন্ত শহরের যান চলাচল মোটের ওপর স্বাভাবিকই রয়েছে। আজ যেহেতু মাধ্যমিক পরীক্ষার শুরু তাই, ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনওরকম দেরি না হয়, তার জন্য যাবতীয় ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য কেনও মিছিলও এদিন শহর কলকাতার বুকে নেই বলেই জানাচ্ছে ট্রাফিক পুলিশ।
এদিকে যে সমস্ত পরীক্ষার্থীরা গণ পরিবহণের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে তাদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য কলকাতা শহর জুড়ে পর্যাপ্ত বাস, ট্রেন, মেট্রো, ফেরি, ভেসেল পরিষেবা সচল রাখতে তৎপর হয়েছে রাজ্য সরকার। কোনও গণ পরিবহণ ব্যবস্থায় যাতে সামান্যতমও খামতি না থাকে, সেই ব্যবস্থা করা হয়েছে রাজ্যের পরিবহণ দফতরের পক্ষ থেকে। নেওয়া হয়েছে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত।
জানা গিয়েছে, পরীক্ষার দিনগুলিতে রাজ্যজুড়ে প্রায় তিন হাজার অতিরিক্ত সরকারি বাস রাস্তায় নামবে। শুধু শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাবে, বালিগঞ্জ স্টেশন-এসপ্ল্যানেড পর্যন্ত ২টি বাস, ঠাকুরপুকুর-শিয়ালদহ পর্যন্ত ১টি বাস, কুঁদঘাট-দক্ষিণেশ্বর পর্যন্ত ১টি বাস, গড়িয়া-হাওড়া স্টেশন পর্যন্ত ২টি, সরশুনা-হাওড়া স্টেশন পর্যন্ত ২টি বাস, দক্ষিণেশ্বর থেকে এসপ্ল্যানে়ড ১ টি বাস, ডানলপ থেকে বালিগঞ্জ ১টি বাস, চেতলা থেকে পাইকপাড়া পর্যন্ত ১টি বাস, কাকুড়গাছি থেকে বেহালা পর্যন্ত ২টি বাস, গড়িয়া-হাওড়া ২টি বাস, যাদবপুর-হাওড়া স্টেশন ১টি বাস, বারাকপুর-হাওড়া স্টেশন ১টি বাস, দমদম বিমানবন্দর-এসপ্ল্যানেড পর্যন্ত ১টি বাস ও নিউটাউন-শিয়ালদহ ২টি বাস চলবে। অন্যদিকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষার জন্য আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবার ৪ জোড়া করে অতিরিক্ত পরিষেবা দেবে মেট্রোও।