জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘কান্তারা চ্যাপ্টার ১’ (Kantara Chapter 1) ছবির জনপ্রিয় ‘দৈব’ চরিত্রটির একটি দৃশ্য মঞ্চে অনুকরণ করে এবার আইনি জটিলতায় পড়লেন বলিউড সুপারস্টার রণবীর সিং (Ranveer Singh)। রণবীরের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ এনে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় মামলা দায়ের করা হয়েছে।
বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেটাল হাই গ্রাউন্ডস থানায় এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী জানিয়েছেন, গত ২৮ নভেম্বর গোয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-এর সমাপ্তি অনুষ্ঠানে ঋষভ শেঠীর ‘উল্লালথি দৈব’ পারফরম্যান্স অনুকরণ করেন রণবীর।
রণবীর সিং প্রশংসা করার সময় ‘দৈব’-কে “দানব” এবং “নারী ভূত” হিসেবে বর্ণনা করেন, যা ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতি অপমানজনক। এই ‘আপত্তিকর কাজের’ জন্য রণবীরের বিরুদ্ধে ভারত ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ২৯৯, ৩০২ এবং ১৯৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তাঁর এই কাজ “লক্ষ লক্ষ হিন্দু, বিশেষ করে কর্ণাটকের টুলুভাষী সম্প্রদায়ের” ভাবাবেগে আঘাত করেছে।
এই অভিযোগ দায়ের হওয়ার একদিন আগেই রণবীর সিং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়েন। তাঁর অনুকরণ করা ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে রণবীর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পাবলিক অ্যাপোলজি প্রকাশ করেন।
“ঋষভের অবিশ্বাস্য পারফরম্যান্স তুলে ধরাই আমার উদ্দেশ্য ছিল। একজন অভিনেতা হিসেবে আমি জানি, ওই বিশেষ দৃশ্যটি ঋষভ যেভাবে পরিবেশন করেছেন, তা করার জন্য কতটা পরিশ্রম লাগে এবং তার জন্য আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমি সব সময়ই আমাদের দেশের প্রতিটি সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বাসকে গভীরভাবে সম্মান করেছি। যদি আমি কারও ভাবাবেগে আঘাত করে থাকি, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী,” লেখেন রণবীর সিংহ।
অভিনেতার ক্ষমা চাওয়ার পরেও অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। অনেকেই তাঁর ক্ষমা প্রার্থনাকে স্বাগত জানিয়েছেন, তবে অনেকেই মনে করছেন যে এই ঘটনাটি আরও গুরুতর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
