West Bengal
-Ritesh Ghosh
ফলতা উপনির্বাচনে বিজেপির বিশাল জয়ে ‘ডায়মন্ড হারবার মডেল’ ভেঙে চুরমার। শাসক তৃণমূল কংগ্রেস চতুর্থ স্থানে নেমে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি মোট ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬ ভোট পেয়েছেন।
দ্বিতীয় স্থানে সিপিএম (৪০,৬৪৫ ভোট) এবং তৃতীয় স্থানে কংগ্রেস (১০,০৮৪ ভোট) রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে সরে দাঁড়ানো সত্ত্বেও তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের নামেও ইভিএম-এ ৭ হাজার ৭৮৩ ভোট পড়েছে।

একদা তৃণমূলের শক্তিশালী ঘাঁটি ফলতা, যা ২০২১ বিধানসভায় ৪০ হাজারেরও বেশি ভোটে জিতেছিল এবং ২০২৪ লোকসভায় ১ লক্ষ ৬৮ হাজারেরও বেশি লিড পেয়েছিল, সেখানে চতুর্থ স্থানে নেমে আসা তাদের ডায়মন্ড হারবার মডেলের আধিপত্যের অবসান ঘটাল।
জয়ের পর দেবাংশু পণ্ডা এই রায়কে গণতন্ত্রের জয় বলে অভিহিত করে বলেন, “এই জয় ফলতাবাসীর। মানুষ বিজেপিকে বিশ্বাস করেছেন। গণতান্ত্রিক উপায়ে ভোট ও গণনা হয়েছে, কোনও অশান্তি হয়নি।”
ফলাফল ঘোষণার পরই ফলতার সর্বত্র উৎসব শুরু হয়েছে। ভয়মুক্তভাবে ভোট দিতে পারার জন্যই তৃণমূলের ভরাডুবি হয়েছে বলে মনে করছে আমজনতা।
দ্বিতীয় দফার ভোটে গত ২৯ এপ্রিল ইভিএমে কালো টেপ ও আলকাতরা ব্যবহারের মতো অনিয়মের অভিযোগ ওঠে। যার জন্য সরাসরি জাহাঙ্গীরকেই দায়ী করা হয়। এরপর নির্বাচন কমিশন পুনর্নির্বাচন ঘোষণা করে। এদিনের ফলাফলের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির আসন বেড়ে ২০৮ হল।
English summary
ফলতা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। এই জয়ের ফলে একদা তৃণমূলের শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত ফলতায় ‘ডায়মন্ড হারবার মডেল’ ধূলিসাৎ হয়ে গেল। শাসক তৃণমূল কংগ্রেস চতুর্থ স্থানে নেমে এসেছে। বিজেপি প্রার্থী এই জয়কে গণতন্ত্রের জয় হিসেবে বর্ণনা করেছেন, যেখানে দীর্ঘদিন পর মানুষ নির্ভয়ে ভোট দিতে পেরেছেন।