জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধনতেরস (dhanteras) বা দীপাবলির (Diwali) আবহে বাড়ছে সোনার দাম (Gold Price)। যাঁরা দীপাবলির আবহে সোনা কেনার পরিকল্পনা করেছিলেন, তাঁদের এখন মাথায় হাত! কেননা, এখন সোনা কিনতে গেলে বাজেটের অঙ্ক অনেকটাই বাড়বে। শুধু তো সোনা নয়, আরও বেড়ে গেল রুপোর দামও ৷ কয়েক সপ্তাহ ধরেই ক্রমাগত বাড়ছে সোনার দাম। অনেক কারণের মধ্যে মার্কিন মুলুকের শাটডাউনও (US government shutdown) একটা বড় কারণ বলে মনে করা হচ্ছে। উৎসবের (Festival 2025) মরশুমে যখন গয়না কেনার হিড়িক, তখন এই দামের ঊর্ধ্বগতি সাধারণ ক্রেতাদের কপালে ভাঁজ ফেলছে। সামনে আসছে বিয়ের মরশুমও। কী হবে?
বাজারে অনিশ্চয়তা
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বেড়ে যাওয়ার জন্যেই এই পরিস্থিতি। বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকেই ঝুঁকছেন। এদিকে দুর্গাপুজো শেষ হলেও সামনেই ধনতেরাস, কালীপুজো ও দীপাবলি। এই সময়ে সাধারণত সোনা কেনার একটা হিড়িক থাকে। আর এই হিড়িকটা থাকে বলেই বাজারে সোনা-রুপোর চাহিদা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে এই দুই ধাতুর দাম আরও কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের।
নিরাপদ বিকল্প?
সপ্তাহের শুরুতেই সোনার দাম যেভাবে আকাশছোঁয়া হয়েছে, তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিনিয়োগকারীরা সকলেই বেশ কিছুটা চিন্তায় পড়েছেন। তবে যাঁদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা আছে, তাঁদের কাছে এটি এখনও নিরাপদ বিকল্প হিসেবেই রয়ে গিয়েছে।
সোনার দাম
একথা ঠিক যে, সোনার দাম কখনই স্থির থাকে না। বাজারের ওঠানামা এবং উৎসবের মরশুম মিলিয়ে ক্রেতাদের এই সময়ে একটু সতর্ক থাকাটাই জরুরি। আজ, মঙ্গলবার ১ গ্রাম সোনার দাম দেখলে হয়তো সকলে আঁতকে উঠবেন! আজ, মঙ্গলবার ১৪ অক্টোবর কত দাঁড়াল তবে সোনার দাম? ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১২৮৬৮ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১১৭৯৫ টাকা। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯৬৫১ টাকা– এটা কলকাতার দাম! এর মানে, ভরিতে দেখলে দাম শুনে একেবারে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। আজ সোনার ভরি ১ লক্ষ ২৮ হাজার ৬৮০ টাকা! ভাবা যায়? ১ কেজি রুপোর দাম হয়েছে ১৭৯১৮৪ টাকা ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
