কোভিড নিয়ে রাজ্যে নয়া মনিটরিং টিম
নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। চিন, জাপানের মতো দেশে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং নিত্য নতুন ভ্যারিয়ান্ট ধরা পড়ছে শুনে কিছুটা চিন্তিত হন তিনি। এরপরই স্বাস্থ্যকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আমাদের রাজ্যেও একটি মনিটরিং টিম তৈরি করা হোক। কোভিড বিশেষজ্ঞদের নিয়ে এই টিম তৈরি হবে। স্বাস্থ্য সচিবের নেতৃত্বে এই টিম রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখবে। সঙ্গে সাধারণ মানুষকেও এই নিয়ে সচেতন থাকতে হবে। কোন কোন অঞ্চলে কোভিড বাড়ছে তা খতিয়ে দেখে দ্রুততার সঙ্গে মোকাবিলা করতে হবে।” স্বাস্থ্য সচিব এদিন জানান, বুধবারই কেন্দ্রের নির্দেশ রাজ্য স্বাস্থ্য দফতর কোভিড নিয়ে একটি বৈঠকে বসে। সেখানে করোনার জিনোম সিকোয়েন্সিং নিয়ে নানা পরিকল্পনা করা হয়েছে। নিয়মিত করোনা পরিস্থিতি নিয়ে নজরদারি চালানো হবে বলেই মুখ্যমন্ত্রীকে জানান স্বাস্থ্য সচিব।
বড়দিনের উৎসবের সূচনা মুখ্যমন্ত্রীর
প্রতিবছরের মতো এবারও শহরে বড়দিনের উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি পৌঁছন পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে। এরপর সেন্ট জেভিয়ার্স কলেজের অনুষ্ঠানেও অংশ নেন তিনি।
