প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদে শুরু হল ‘ভারত জোড়ো যাত্রা’।
হাইলাইটস
- রবিবার থেকে মুর্শিদাবাদে শুরু হল কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’।
- অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এদিন সকাল ন’টায় নদিয়া সীমান্তের লোকনাথপুর থেকে শুরু হয় এই যাত্রা।
- আগামী 15 জানুয়ারি ফরাক্কা ব্যারেজে শেষ হবে মুর্শিদাবাদ পরিক্রমা।
গত বিধানসভা ভোটে নিজের দুর্গে খালি হাতেই ফিরে যেতে হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) তথাকথিত রবিন হুডকে। যদিও বিধানসভা নির্বাচনের পর থেকেই মুর্শিদাবাদে মাটি কামড়ে ঘর গোছাতে শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা। পাশাপাশি বামেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেই পঞ্চায়েতে লড়ছেন বলেও ইঙ্গিত মিলেছে। একইসঙ্গে কংগ্রেসের এই ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) প্রভাব ফেলবে বলেই মনে করছেন কংগ্রেস নেতৃত্ব।
রবিবার সকাল নয়টায় কয়েক হাজার সমর্থক নিয়ে লোকনাথপুর থেকে যাত্রা শুরু হয়। ৮ এবং ৯ জানুয়ারি মোট ৪১.৩ কিমি হাঁটবেন অধীর। পরবর্তী তিনদিনের পদযাত্রার দৈর্ঘ ৫৮.৫ কিমি। ১৩ থেকে ১৫ জানুয়ারি ৫৭.৫ কিমির পদযাত্রা শেষ হবে ফরাক্কায়। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) আগে প্রচারের পাশাপাশি কংগ্রেসের তথাকথিত শক্ত মাটিতে নিজেদের জনসংযোগ প্রক্রিয়াকেও এই লং মার্চ অনেকটাই ত্বরান্বিত করবে বলেই মনে করছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।
গত বছর সেপ্টেম্বর মাসে ‘ভারত জোড়ো’ যাত্রার (Bharat Jodo Yatra) সূচনা করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সারা দেশ জুড়ে প্রায় সাড়ে তিন হাজার কিমি পথ অতিক্রম করে এই যাত্রা শেষ হবে কাশ্মীরের শ্রীনগরে। রাহুল গান্ধীর নেতৃত্বে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত চলবে এই লং মার্চ। আন্দোলনের অংশ হিসেবে এ রাজ্যেও গত সপ্তাহে বুধবার থেকে শুরু হয়েছে পদযাত্রা। বাংলায় যার নাম দেওয়া হয়েছে ‘সাগর থেকে পাহাড়’। দক্ষিণের সাগর থেকে শুরু করে উত্তরের কার্শিয়াং পর্যন্ত চলবে এই পদযাত্রা। ২৩ জানুয়ারি পর্যন্ত এই পদযাত্রা রাজ্যের ১০টি জেলাকে পরিক্রমা করবে। ইতিমধ্যেই বিজেপি বিরোধী সকলকেই এই যাত্রায় সামিল হতে আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
