সোনু নিগমের গান শুনতে অনুষ্ঠানস্থলে জনসমুদ্র আছড়ে পড়েছিল। যেদিকেই তাকানো যায় শুধুই মানুষের মাথা, উচ্ছ্বাস আর উন্মাদনা। কেউ সোনু নিগম প্রথম কাছ থেকে দেখবে বলে এসেছেন আবার কেউ তাঁর সুরেলা কণ্ঠের সাক্ষী থাকার জন্য এসেছেন। সোনু নিগম রাত ৯টা নাগাদ মঞ্চে উঠতেই হাততালিতে ফেটে পড়ে গোটা অনুষ্ঠানস্থল। সোনু মঞ্চে উঠতেই দর্শকের চিৎকার আর সঙ্গে হাততালিতে তাঁকে স্বাগত জানানো হয়।
নিউ ব্যারাকপুর পুরসভার তরফে পুষ্পমেলা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বলিউড সিঙ্গারের অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে কড়া নিরাপত্তায় মুরে ফেলা হয়েছিলো নিউ ব্যারাকপুর পুষ্পমেলা চত্বর। অনুষ্ঠানস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি নিউ ব্যারাকপুর পুরসভার স্বেচ্ছাসেবকরাও ছিলেন।
অনুষ্ঠান দেখতে আসা এক ব্যক্তি বলেন, “অসাধারণ অনুষ্ঠান হয়েছে। নিউ ব্যারাকপুরের পাশাপাশি আশেপাশে এলাকা থেকেও প্রচুর মানুষ এই অনুষ্ঠান দেখতে এসেছেন। এখানে প্রথম সোনু নিগম অনুষ্ঠান করতে এসেছেন। আমরা আগে এই ধরনের অনুষ্ঠান দেখিনি।” সোনু নিগমকে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি দমদম ক্যান্টনমেন্টের মিলি দাস। তিনি বলেন, “আমি সোনু নিগমের বিশাল ভক্ত ছোটবেলা থেকেই। কিন্তু, কোনওদিন কাছ থেকে তাঁর অনুষ্ঠান দেখার সুযোগ হয়নি। নিউ ব্যারাকপুর পুরসভাকে ধন্যবাদ আমাদের হাতে এই ধরনের একটি অনুষ্ঠান দেখার সুযোগ করে দেওয়ার জন্য।”
