চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূল নেতৃত্বরা BJP আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে BJP।
স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের বুথ সভাপতি বুদ্ধদেব মুনিয়ানের বাড়ীতে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী বোমাবাজি করে। এছাড়াও বাড়ীতে থাকা বাইকটিতে ভাঙচুর চালানো হয়। বোমার আঘাতে গুরুতর জখম হন তৃণমূলের বুথ সভাপতি বুদ্ধদেব মুনিয়ান। স্থানীয় বাসিন্দারা তাঁর বাড়ির দিকে ছুটে এলে সেখান থেকে দুষ্কৃতীকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত ও জখম ওই তৃণমূলের বুথ সভাপতিকে উদ্ধার করে প্রথমে মহেশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে (Nandigram Super Specialty Hospital) স্থানান্তরিত করা হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই তৃণমূলের বুথ সভাপতি। তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি ঘটনায় নতুন করে নন্দীগ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
এই বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতরও। শাসকদল তৃণমূল কংগ্রেস সরাসরি এই ঘটনার জন্য রাজ্যের প্রধান বিরোধী দল BJP-কে দায়ী করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের মতে, “এই কাণ্ড BJP-র ঘটানো। পঞ্চায়েত নির্বাচনের আগে এভাবেই প্রচারে আসতে চাইছে তারা। কারণ তাদের কোনও জনসমর্থন নেই। বুদ্ধদেবকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। সম্পূর্ণ বিষয়টি আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।” অপরদিকে BJP-র বিরুদ্ধে তোলা সম্পূর্ণ ঘটনার অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব। তাদের বক্তব্য, নন্দীগ্রামে আবার আদি ও নব্য তৃণমূলের লড়াই শুরু হয়েছে। এই ঘটনাকে তৃণমূলের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি করছে স্থানীয় BJP নেতৃত্ব। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশও।
