আগামী শুক্রবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। আগামী শুক্রবার বেলা ১২টার সময় ফের এই মামলার শুনানি রয়েছে। মামলাকারী শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী সৌম্য মজুমদার বলেন, শাসকদলের সমর্থকরা নিশীথ প্রামাণিকের উপর আক্রমণ করে, লাঠি দিয়ে আঘাতের চেষ্টার পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ইট ছোড়া হয়।
বিজেপির আইনজীবী আদালতে জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়। বিজেপির অভিযোগ, পুলিশ হামলার কথা অনুমান করে যথাযথ পদক্ষেপ করেনি। রাজ্যে ভোট পরবর্তী হিংসার মতো পরিস্থিতি যাতে কোনওভাবেই তৈরি না হয়, সে বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন বিজেপির আইনজীবী।
নিশীথের উপর হামলার পর স্থানীয় থানায় এফআইআর করতে গেলেও তা নেওয়া হয়নি বলে আদালতে সওয়াল করেন বিজেপির বিজেপির আইনজীবী। তিনি জানিয়েছেন, এফআইআর না নিয়ে এবং হামলাকারীদের গ্রেফতার না করে উলটে ৪০ জন বিজেপি কর্মীর নামে মামলা করেছে পুলিশ।
কেন্দ্রের আইনজীবী অশোক চক্রবর্তী অশোক চক্রবর্তী এদিন আদালতে জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলা চালানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর গতিবিধির সম্পর্কে রাজ্য পুলিশ অবগত থাকে। এই হামলার উপর রাজ্যের মদত রয়েছে, সেই কারণে আদালত চাইলে আমরা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে প্রস্তুত। আদালতে এমনটাই জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী।
অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী এদিন আদালতে জানিয়েছেন, সিআইএসএফ প্রাথমিকভাবে এফআইআর দায়ের করেছে বলে আমরা জানতে পেরেছি। আদালত নির্দেশ দিলে সিবিআই প্রাথমিক অনুসন্ধান করে রিপোর্ট পেশ করতে পারে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে বলেন, সাহেবগঞ্জ থানায় সিআইএসএফ অভিযোগ দায়ের করেছে। দু’দিনের মধ্যে রাজ্য আদালতে রিপোর্ট পেশ করবে। একজন নির্দিষ্ট ব্যক্তি ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, কিন্তু যিনি আক্রান্ত হয়েছে তিনি নিজে আদালতে একটাও কথা বলেননি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দু’দলের সমর্থকদের মধ্যে সমস্যা, এখানে জনস্বার্থের কোনও বিষয় নেই বলে আদালতে সওয়াল করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। রাজ্যের মদতে মোটেও এই ঘটনা ঘটেনি।
দু’পক্ষের সওয়াল জবাবের পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানিয়েছেন, তদন্ত হস্তান্তর করতে হলে তাঁর জন্য যথাযথ প্রমাণ দরকার। পর্যাপ্ত নথি পেশ করলে আদালত এই নিয়ে সিদ্ধান্ত নেবে। আগামী শুক্রবার এই মামলার শুনানি।
