রবিবার তৃণমূল নেতা আরবুল ইসলামের ছেলে তথা দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী হাকিমুল ইসলামের দেওয়াল লিখলেন সিপিএমের কমরেডরা। রবিবার ভাঙড়ে এই সৌজন্যের ছবি ধরা পড়েছে। সিপিএম কর্মীদের সৌজন্যের পালটা তাঁদের পাশে থাকার ও ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল নেতা হাকিমুল।
একের পর এক রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে ভাঙরের মাটি। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার এই এলাকা। তৃণমূল ও আইএসএফের তিন সমর্থকের মৃত্যুর ঘটনা ঘটে। মনোনয়ন পর্ব দফায় দফায় উত্তেজনার পর ভাঙড়ের রাজনৈতিক উত্তাপ এখনও বেশ চড়া। সেখানেই ধরা পড়ল এই রাজনৈতিক সৌজন্যের ছবি, যা দেখে অবাক রাজ্যবাসী।
রবিবার এলাকায় দেওয়াল লেখার কাজ করছিলেন সিপিএম কর্মীরা। তখনই তাঁদের চোখে পড়ে বামনঘাটা অঞ্চলের একটি দেওয়ালে তৃণমূল প্রার্থী হাকিমুল ইসলামের নামের বানান ভুল রয়েছে। তৎক্ষণাত তুলি ও রং দিয়ে ভ্রম সংশোধন করেন বাম কর্মী সমর্থকরা। স্থানীয়দের অনেকের দাবি, ভাঙড়ের মতো উত্তপ্ত মাটিতে রাজনৈতিক এই সৌজন্যের ছবি কল্পনাই করা যায় না।
সিপিএমের এই সৌজন্যে আপ্লুত তৃণমূল প্রার্থী হাকিমুলও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা বরাবরই এমন ভাঙরের কথা বলতে চেয়েছি যেখানে সৌজন্যতা থাকবে, মানুষের ভালোবাসা থাকবে। যাঁরা আমার নামের বানান ঠিক করেছেন তাঁদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব তাঁর আগামী দিনে আমাদের পাশে থাকবে এবং আমাদের ভোট দিয়ে সাহায্য করবেন।’
এই ঘটনা নিয়ে ভাঙড়ের বাসিন্দা আমিনুল মোল্লা বলেন, ‘পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে কয়েকদিন আগে ভাঙড়ে যা হল, তা সবাই দেখেছেন। বাম আমল থেকে এখানে রাজনৈতিক সন্ত্রাস ও হানাহানি চলছে। এখনও এখানে তা বন্ধ হয়নি। তবে আজকে আমরা যে ঘটনার কথা শুনলাম, সবসময়ই যদি ভাঙড়ে এমন সৌজন্য থাকে, তা এলাকাবাসীর জন্য নিঃসন্দেহে ভীষণ ভালো।’
