চলতি মরশুমের শুরু থেকেই মতি-গতি ভালো নয় আবহাওয়ার। ঘন ঘন মেজাজ বদলে যাচ্ছে। এই পরিস্থিতিতে নতুন করে পুজোর সময় কোনও নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে কিনা, তা জানতে আগ্রহী সাধারণ মানুষ। তাঁদের জন্য স্বস্তির খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা।
- মহালয়ায় কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
মহালয়ার দিন ঘাটে ঘাটে তর্পণ হয়। এক অন্যই রূপে সেজে ওঠে কলকাতা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই দিন কি শহর কলকাতাতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা রয়েছে? এই বিষয়ে অবশ্য আশার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত শহর কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি অবশ্য বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। আগামী দুই দিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তা ধীরে ধীরে কমবে।
তবে বৃষ্টি না হলেও তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা জনিত কারণে বাড়তে পারে অস্বস্তি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ।
- কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
মহালয়ার দিন মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সপ্তাহান্তে আবহাওয়া থাকবে শুকনো। দুই এক জায়গায় আংশিক বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত বেশি হতে পারে। ধীরে ধীরে জলীয়বাষ্পের পরিমাণ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পুবের বাতাসের জেরে কমবে তাপমাত্রা।
- কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গেও ধীরে ধীরে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে জলীয় বাষ্পের পরিমাণ।
- অন্য রাজ্যগুলির আবহাওয়া
বেশ কয়েকটি রাজ্যে এদিন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। যেমন কেরালা। তবে ধীরে ধীরে গোটা দেশেই কমবে বৃষ্টির পরিমাণ। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত।
বাংলার আবহাওয়া সংক্রান্ত আপডেট পেতে ক্লিক করুন
