আলিপুর আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, শহরের প্রথম কাজের দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। ভোর ও মধ্যরাতে অনুভূত হতে পারে হালকা শীত। কোনও কোনও জেলায় রাতের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেই কারণে রাতের বেলা এসি চালানোর প্রয়োজন হবে না বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অধিকাংশ জেলাতেই আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতে হালকা শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আবহাওয়ার হালচাল
উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়াতে উল্লেখযোগ্য কোনও বদল নেই। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুরে সোমবার মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। উপরের দিকে জেলাগুলির তাপমাত্রার পারদ রাতের দিকে কয়েক ডিগ্রি নামতে পারে।
কলকাতার আবহাওয়া
সোমের কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার তাপমাত্রা ৩১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। মোটের উপর কলকাতাবাসীকে গরমে খুব বেশি ভুগতে হবে না।
কবে আসবে শীত?
আপাতত শীত নিয়ে খুশির কোনও খবর শোনাতে পারেনি আলিপুরের হাওয়া অফিস। আবহবিদদের মতে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে শুরু করার কারণে বাতাসে হালকা হিমের আমেজ রয়েছে। কিন্তু নতুন করে কোনও পশ্চিমী ঝঞ্ঝা বা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হলে এক নিমেষে বদলে যেতে পারে আবহাওয়া। তবে আবহবিদদের ধারণা, নতুন কোনও সমস্যা তৈরি না হলে শীত বেশি দূরে নেই। কারণ শনিবার অধিকাংশ জেলার তাপমাত্রাই ছিল ২০ ডিগ্রির ঘরে।
