Coffee House : কফি হাউসে আর সিগারেট নয়! ‘নো স্মোকিং জোন’ চিহ্নিত করল কর্তৃপক্ষ – kolkata college street coffee house creates a no smoking zone


বাঙালির আড্ডার সঙ্গে আঠার মতো আটকে একটা শব্দ-কফিহাউস। চিন টু চপ-মুড়ি, বিশ্বকাপ টু সানি দেওল, হাজার হাজার তর্কের জন্ম এই কফি হাউসের। তর্কের বিষয় জন্মায়, চার দেওয়ালের মধ্যেই তার মৃত্যুও হয়-কিন্তু প্রজন্মের পর প্রজন্ম সচল আড্ডা। ধোঁয়া ওঠা কফি, সঙ্গে সুখটান- এই চিত্রটা বহু বছরের। কফি হাউসে খাতায় কলমে এতদিন সিগারেটে টান দেওয়া ছিল ‘অপরাধ’। ছিল জরিমানার ব্যবস্থাও। কিন্তু, সিগারেট দৃশ্য চিরাচরিত হয়ে গিয়েছিল।

কিন্তু, এবার কফি হাউসে নো স্মোকিং জোনের ব্যবস্থা করা হল। সম্প্রতি কলেজ স্ট্রিট কফি হাউসের দোতলায় একটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। যেখানে ধূমপান করা যাবে না, লাগানো হয়েছে এই প্লাকার্ডও। কর্তৃপক্ষের কড়া নির্দেশ, কোনও সিগারেটের ধোঁয়া যেন এই এলাকায় না থাকে।

কিন্তু, কেন হঠাৎ কফি হাউসে নো স্মোকিং এরিয়া?

কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে, প্রতিদিন কফি হাউসে হাজার হাজার মানুষ আসেন। তাঁদের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ থাকেন। প্রবীণ এবং শিশুরাও কফি হাউসে আসেন নিয়মিত। সেক্ষেত্রে সিগারেটের ধোঁয়ায় বিপাকে পড়ার ঘটনা এবং অভিযোগ জমা পড়ছিল কর্তৃপক্ষের কাছে। এরপর আর দেরি করেনি কফি হাউস কর্তৃপক্ষ। সমস্যার সমাধানের পন্থা খুঁজেছিলেন তাঁরা।

দোতলায় একটি জায়গায় লাগানো হয়েছে নো স্মোকিং এরিয়ার বোর্ড। সেখানে কেউ সিগারেট খেলে তাঁকে প্রথমে নিষেধ করা হবে। আর তা না শুনলে নেওয়া হবে আইনি পদক্ষেপ। তবে কফি হাউস কর্তৃপক্ষের আশা, সাধারণ মানুষ নিজেরাই সচেতন থাকবেন এবং নির্দিষ্ট এই অংশে ধূমপান তাঁরা করবেন না।

কফি হাউস বরাবর শহর কলকাতার প্রাণকেন্দ্র। বাঙালির এই আড্ডার জায়গা চিরন্তন। কলেজ জীবনের বহু বন্ধুত্ব ভাঙা-গড়ার সাক্ষী থেকেছে এই বাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে আড্ডা এবং কফির স্বাদ না বদলালেও আধুনিকতার ছোঁয়া লাগছে সেখানে। সম্প্রতি যুগের সঙ্গে তাল মিলিয়ে কফির হোম ডেলিভারি শুরু করা হয়েছিল। কফি সহ অন্যান্য খাবার ফুড ডেলিভারি অ্যাপ মারফত পৌঁছে দেওয়া হবে গ্রাহকের কাছে। নিজেদের বৈঠকখানায় বসে কফি উপভোগ করতে পারবেন তাঁরা।

পাশাপাশি অনলাইন পেমেন্টও চালু করেছে কফি হাউস। কিউ আর কোড স্ক্যান করে দেওয়া যাবে বিল। এবার নো স্মোকিং জোনের পদক্ষেপ, এই উদ্যোগগে সাধুবাদ জানাচ্ছে নবীন-প্রবীণ দুই প্রজন্মই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *