Baruipur Guava : রসগোল্লার পর এবার বাংলার ফল! জিআই ট্যাগ পাবে বারুইপুরের পেয়ারা? – tmc mla bibhas sardar demand gi tag for baruipur guava


বারুইপুরের ডাঁসা পেয়ারা অনেকেরই নোলায় জল আনে। দক্ষিণ ২৪ পরগনা জেলার মাঝ বরাবর বয়ে চলা আদিগঙ্গার দুই পাড়ের মাটি অত্যন্ত উর্বর। তাই বারুইপুরের বিভিন্ন এলাকায় আম, জাম, লিচু, কাঁঠাল, কলা থেকে শুরু করে সব ধরনের ফলের গাছ দেখা যায়। তবে সবথেকে বেশি এই এলাকায় ফলন হয় পেয়ারা। বারুইপুরের পেয়ারা মানে অনেকের কাছেই আবেগ।

বারুইপুরের পেয়ারা অতুলনীয় এবং পুষ্টিগুণে ভরপুর। এবার বারুইপুরের পেয়ারায় জি আই তকমার জন্য আবেদন করা হতে পারে। ইতিমধ্যেই বারুইপুরের পেয়ারা দেশ-বিদেশে রফতানির ফলে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। জি আই তকমা পেলে এই পেয়ারার চাহিদা যে আরও বাড়বে এবং পেয়ারা চাষের সঙ্গে যুক্ত চাষিরা ভালো দাম পাবে বলে আশা করা হচ্ছে। আশায় বুক বাঁধতে শুরু করেছেন বারুইপুরের পেয়ারা চাষিদের একাংশ।

বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার এই বিষয়টি উত্থাপন করেন বিধানসভায়। শুধু তাই নয়, বারুইপুরের পেয়ারা যাতে জিআই ট্যাগ পায় এবং তার জন্য যাবতীয় নিয়ম মেনে আবেদনের কথা বলেছেন তিনি। এরপরেই আশায় বুক বাঁধতে শুরু করেছে ব্যবসায়ীরা।

এদিকে বারুইপুরের পেয়ারা ব্যবসায়ীদের দাবি, যদি জিআই ট্যাগ বারুইপুরের পেয়ারা পায় সেক্ষেত্রে তারা সঠিক দাম পাবেন। কিন্তু, বর্তমানে তাঁদের থেকে কম দামে পেয়ারা কিনে ফোড়ের দল অধিক মুনাফা লাভ করছে। জিআই হলে এই অসাধু চক্র ধাক্কা খাবে বলে দাবি করেছেন তাঁরা।

প্রসঙ্গত, এর আগে জিআই ট্যাগ পেয়েছিল বাংলার রসগোল্লা। এখন বারুইপুরের পেয়ারা কি জিআই ট্যাগ পাবে? তা নিয়েই চলছে চর্চা। এই বিষয়ে এক কৃষক মোহন বিশ্বাস বলেন, ‘আমি ৩০ বছর ধরে পেয়ারা চাষ করে আসছি। শুধুমাত্র পেয়ারা নয় আম, জামরুল সহ অন্যান্য ফলের চাষও করি। কিন্তু, গোটা বিশ্বের কাছে বারুইপুরের পেয়ারার আলাদা সুখ্যাতি রয়েছে তা বলতেই হয়। যদি তা জিআই ট্যাগ পায় সেক্ষেত্রে আমরা লাভের মুখ খানিকটা আমরা দেখতে পাব।’

যদিও বিশেষজ্ঞদের কথায়, এই পথটা একেবারে সহজ হবে না। জিআই ট্যাগ পাওয়ার জন্য প্রথমে নিয়ম মোতাবেক আবেদন করতে হয় এবং পরবর্তীতে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। সেক্ষেত্রে যদি বারুইপুরের পেয়ারার জন্য জিআই ট্যাগের আবেদনও করা হয় তা কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে উঠছে প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *