Abu Hasem Khan Choudhury : তৃণমূলের সঙ্গে জোটের দাবি ডালুর! ‘টিকবে না,’ পালটা খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর – abu hasem khan choudhury congress mp wants alliance with tmc in bengal and bjp leader subhas sarkar gives reaction


তৃণমূলের সঙ্গে জোটের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেস সংসদ আবু হাসেম খান চৌধুরী। আর আবু হাসেম খান চৌধুরী (ডালুবাবু) সেই মন্তব্যের প্রেক্ষিতেই পালটা প্রতিক্রিয়া দিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

এক বেসরকারি সংবাদমাধ্যমে ডালুবাবু বলেন, ‘যে শক্তিটা তৃণমূলের আছে, তা সিপিএম-এর নেই। বাংলায় তৃণমূলের সঙ্গেই জোট চাই।’ ডালুবাবুর এই মন্তব্যের পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এর প্রেক্ষিতে সুভাষ সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা ওঁদেরই (কংগ্রেস) ঠিক করতে হবে। তার কারণ, একা লড়ার ওঁদের ক্ষমতা নেই। আসলে কোনও জোটই টিকবে না, কারণ ওই জোটগুলিতে মানুষ বিশ্বাস করে না। যা খুশি ওরা করুক, বিজেপি এবার ভাল ফল করবে।’

প্রসঙ্গত, বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা এখনও আলোচনাস্তরে। সেই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এরই মাঝে বিস্ফোরক মন্তব্য করেন ডালুবাবু। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী কংগ্রেসকে রাজ্যে ২টি আসন ছেড়ে দিয়েছেন, মালদা দক্ষিণ ও বহরমপুরে তৃণমূল প্রার্থী দেবে না বলে জানিয়েছেন। সেই অনুসারে আমরা লোকসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু করছি। তবে আমাদের আরও কয়েকটি আসনের দাবি রয়েছে। সেকথা আমরা জানাব।’

যদিও ডালুর এই মন্তব্যকে স্বীকৃতি দেয়নি প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, এই রকম কোনও আসন সমঝোতার খবর তাদের কাছে নেই। সেক্ষেত্রে ডালুবাবু বিষয়টি কার কাছ থেকে জেনেছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে।

এই প্রসঙ্গে বলে রাখা দরকার, চলতি মাসে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে রাজ্যে কংগ্রেসকে ২টি আসন ছাড়ার প্রস্তাব দেয় তৃণমূল। তার বিনিময়ে মেঘালয় এবং আরও ১টি রাজ্যে ২টি আসন দাবি করে ঘাসফুল শিবির। এরপর প্রদেশ কংগ্রেস সভাপতি-সহ কংগ্রেসের রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করে দলের হাইকম্যান্ড। সূত্রের খবর, সেই বৈঠকে প্রদেশ কংগ্রেসের নেতারা একযোগে তৃণমূলের সঙ্গে জোটের বিরোধিতা করেন। আর শুধু তাই নয়, কেন্দ্রীয়স্তরে জোটের পথে হাঁটলেও, রাজ্যে এখনও লাগাতার তৃণমূলের বিরোধিতা করে চলেছেন প্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতারা। বরং বামেদের সঙ্গে অনেকটাই কাছের সম্পর্ক তাঁদের। কিন্তু তারপরেও এদিন তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করলেন ডালুবাবু। এবার দেখার ডালুর এই মন্তব্যের প্রেক্ষিতে কী প্রতিক্রিয়া দেয় প্রদেশ কংগ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *