26 January Republic Day Parade : সাধারণতন্ত্র দিবসে দিল্লির প্যারেডে বাঁকুড়ার কলেজ ছাত্রী, জেলার মুকুটে নয়া পালক – bankura college student madhurima karmakar will take part in 26 january republic day parade in delhi


আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে রাইফেল হাতে প্যারেডে অংশ নিচ্ছেন বাঁকুড়ার মধুরিমা কর্মকার। ছাতনার শুশুনিয়ার বাসিন্দা, বাঁকুড়া সম্মিলনী কলেজের দ্বিতীয় সেমেস্টারের ছাত্রী মধুরিমা ইতিমধ্যেই দিল্লী পৌঁছে গিয়েছেন। সেখানে আরও অনেকের সঙ্গে তিনিও শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত বলে জানা যাচ্ছে। দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে মধুরিমার অংশগ্রহণে খুশি তাঁর পরিবার থেকে এলাকার মানুষ প্রত্যেকেই।

কলেজ সূত্রে খবর, মধুরিমা কর্মকার এনসিসি বিভাগ থেকে প্যারেডের জন্য সুযোগ পেয়েছেন। খুবই উদ্যমী ও পরিশ্রমী মধুরিমা দিল্লির কর্তব্য পথে এসএলআর রাইফেল হাতে প্যারেড করার সুযোগ পেয়েছেন। বিষয়টি তাঁর কলেজের কাছেও অত্যন্ত গর্বের। একইসঙ্গে কলেজ সূত্রে আরও জানা গিয়েছে, এবারের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণকারীদের বাছাই প্রক্রিয়া ২০২৩ সালের জুন মাস নাগাদ শুরু হয়। ৫৬ নম্বর বেঙ্গল ব্যাটালিয়নের সদস্যা হিসেবে মধুরিমা খড়গপুর প্যারেডের জন্য গ্রুপ সিলেকশনে যোগ দেন। পরে কল্যাণীতে চূড়ান্ত পর্বের সিলেকশন হয়। সেখানে উত্তীর্ণ হয়ে দিল্লি যাওয়ার টিকিট পান মধুরিমা।

এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, ছাতনার শুশুনিয়া থেকে দিল্লির কর্তব্যপথ, এই জার্নিটা মোটেই সহজ ছিল না মধুরিমার কাছে। তাঁর বাবা সন্তোষ কর্মকার পেশায় একজন পাথর শিল্পী। মা চুমকি কর্মকার গৃহবধূ। সন্তোষ কর্মকার পাথর খোদাই করে নানা সামগ্রী তৈরি করেন। তা দিয়েই তাঁদের সংসার চলে মধুরিমাদের। কলেজে ভর্তি হওয়ার পর একেবারে প্রথম দিকে মধুরিমা বাড়ি থেকে বাঁকুড়ায় যাতায়াত করতেন। পরের দিকে পড়াশোনার চাপ ও এনসিসির জন্য বাঁকুড়া শহরেই মেসে থাকতে শুরু করেন।

26 January Parade In Delhi

মধুরিমা কর্মকার

মধুরিমার বাবা সন্তোষ কর্মকার জানান, মধুরিমা তাঁর মায়ের সহযোগিতাতেই দিল্লির প্যারেডে গিয়েছেন। ওর সাফল্যের জন্য একদিকে যেমন আনন্দিত, অন্যদিকে তেমনই গর্বিতও। শুধুমাত্র নিজের চেষ্টাতে, আর কলেজের সহযোগীতায় এতদূর পৌঁছেছেন তিনি। আগামীদিনেও যাতে সাফল্য পান মধুরিমা সেই জন্য প্রত্যেকের সহযোগিতা আবেদন জানিয়েছেন সন্তোষ কর্মকার। এই মুহূর্তে দিল্লিতে থাকায় এনসিসি ক্যাডার মধুরিমা কর্মকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সেখানে সরকারি ব্যবস্থাপনাতেই সেখানে তিনি রয়েছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৬ তারিখ দিল্লির কর্তব্যপথে হবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ। সেখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। আর সেই সমস্ত ব্যক্তিদের সামনেই প্যারেড করার সুযোগ পেলেন মধুরিমা কর্মকার। মধুরিমার এই সাফল্য শুধু তাঁর বাড়ি বা এলাকার জন্য নয়, গোটা বাঁকুড়া জেলার জন্যই গর্বের বলে মনে করছেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *