কেন অভিযান সন্দীপ সাধুখাঁর বাড়িতে ইডি?
জানা গেছে ২০১৮ সালের পর থেকে ১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে কয়েকটি অভিযোগ দায়ের হয় রাজ্যের বিভিন্ন থানায়। তার মধ্যে হুগলির ধনেখালি থানাতে একটি অভিযোগ দায়ের হয়। সেই এফআইআর এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর করে তদন্তে নামে ইডি। ১০০ দিনের কাজের দুর্নীতি হয়েছে, এই অভিযোগ এর আগে অনেকবার উঠলেও এই প্রথম তার তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মত এদিন ৪ জেলার ৬ জায়াগয় তল্লাশি চালায় ইডি।
সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিনিধি দল ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে একাধিকবার বিভিন্ন জেলায় ঘুরে যায়। তারপরেই হুগলিতে প্রায় ২ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে আসে। কোথাও কাজ না করে টাকা তুলে নেওয়া, ভুয়ো জব কার্ড দেখিয়ে টাকা তোলা, কোথাও আবার ভুয়ো বিল তৈরি করে টাকা তছরুপের অভিযোগ ওঠে। কোথাও কোথাও ১০০ দিনের কাজের প্রকল্পে খাতায়-কলমে বাঁধ বা রাস্তার নির্মাণ হয়েছে, অথচ বাস্তবে তার অস্তিত্ব নেই, এমনও অভিযোগ পাওয়া যায়।১০০ দিনের কাজের দেখাশোনার দায়িত্বে রয়েছেন নির্মাণ সহায়করা। আর তাঁরা আবার পঞ্চায়েত কর্মীও। তাই এই দুর্নীতির তদন্তে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। ধনেখালির বেলমুড়ি পঞ্চায়েতে এই ধরণের একটি অভিযোগ সামনে আসে। সেই সময় ওই পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ছিলেন সন্দীপ সাধুখাঁ। তৎকালীন সময়ে ধনেখালি থানায় অভিযোগও দায়ের হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে FIR হয়, ও পরে ECIR করে তদন্তে নামে ইডি। আজ চন্দননগরে হরিদ্রাডাঙ্গায় সেই সন্দীপ সাধুখাঁর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।সন্দীপ সাধুখাঁর বাবা অমল সাধুখাঁ ২০০৮ সালে প্রয়াত। তিনি পূর্ব রেলের প্রাক্তন কর্মী ছিলেন। অবসরের পর তিনি বাড়িতে একটি তেল মিল খুলেছিলেন । যদিও সন্দীপ চাকরি পাওয়ার পর সেই তেলমিল বন্ধ হয়ে যায়। সন্দীপের প্রতিবেশীদের বক্তব্য, তাঁরা নির্বিবাদী লোক পাড়ার সকলের সঙ্গে সদ্ভাব রয়েছে। তার বাড়িতে ইডি হানা দেওয়ায় অবাক প্রতিবেশীরাও।সন্দীপের কাকা বিমান সাধুখাঁ বলেন, ‘ভাইপো এমন কিছু কাজ করতে পারে বলে আমার মনে হয় না। ইডি তার বাড়িতে এসেছে বলে আমি এলাম। বাড়িতে তার স্ত্রী ও মা রয়েছেন। আধিকারিকরা আমার সামনেই তাদের বাড়িতে তল্লাশি করে। যদিও তারা কিছু পায়নি।’ অন্যদিকে বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান অসিত মুদি বলেন, ‘যে সময়কার ঘটনা তখন আমি প্রধান ছিলাম না। কী হয়েছে বলতে পারবো না। তবে ইডি যদি তদন্তে আসে, আমরা তাদের সাহায্য করব।’ প্রসঙ্গত, এদিন সন্দীপ সাধুখাঁর বাড়িতে যেত েগিয়ে প্রথণে অন্য এক ব্যবসায়ীর বাড়িতে চলে যান ইডি কর্তারা।
