জেলে থাকা অবস্থায় বহু মহিলা বন্দি মা হচ্ছেন। বর্তমানে বিভিন্ন জেল ঘুরে ১৯৬ জন নাবালককে মায়েদের সঙ্গে সেলেই থাকতে দেখেছেন তাপস। তাঁর অভিযোগ, জেলে মহিলাদের অবস্থা দুর্বিষহ। যদিও এ নিয়ে কোনও মহিলার কোনও অভিযোগ তাঁর কাছে পৌঁছেছে কি না, সেটা স্পষ্ট করেননি তিনি। সুপ্রিম কোর্টের একটি মামলার প্রেক্ষিতে তাপসকে আদালত-বান্ধব নিযুক্ত করে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতে তিনি জানান, রাজ্যের কারা বিভাগের আইজির সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলে ঘুরেছেন। তারপর এ দিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।
সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আরসি লাহোটি একটি চিঠি লিখে দেশের সমস্ত জেলের বন্দিদের অমানবিক পরিস্থিতি নিয়ে শীর্ষ আদালতকে অবহিত করেন। সুপ্রিম কোর্ট বিষয়টা নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে। সেই মামলার প্রেক্ষিতেই দেশের সমস্ত হাইকোর্টকে জেলগুলির হাল ফেরাতে মামলা করার নির্দেশ দেওয়া হয়।
