Malda Mango Variety,আসল মালদার আম চিনে নিন খুব সহজে, এবার ফলের গায়েই QR Code – malda mangoes are now sales with qr code


মালদার আমের খ্যাতি গোটা জগৎজোড়া। রাজ্যের বিভিন্ন জেলা, এমনকী দেশের বিভিন্ন প্রান্ত সহ বিদেশেও বিপুল পরিমাণে রফতানি হয় মালদার আম। তবে অনেক সময় আবার মালদার আম বলে অন্যান্য আমও বিক্রি করে দেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। কিন্তু এবার সেই মালদার আমকে চেনা যাবে সহজেই। অর্থাৎ এর ফলে একদিকে যেমন ঠকে যাওয়ার আশঙ্কা কমছে, তেমনই আবার সেই আমের সম্পর্কে যাবতীয় তথ্যও জেনে নিতে পারবেন ক্রেতারা। গোটাটাই হবে শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে।

আমের গায়েই QR Code

মালদার আম চিনতে এখন আর কোনও সমস্যা থাকল না। হাতে স্মার্টফোন থাকলেই এবার চিনে নিতে পারবেন মালদার আম। আর শুধু তাই নয়, আমের প্রজাতি থেকে শুরু করে কৃষকের নাম, এমনকী কোন পদ্ধতিতে সেটি চাষ হয়েছে, সেই সমস্ত কিছুই জেনে নিতে পারবেন ক্রেতারা। এই প্রথম মালদার আম চিনতে ব্যবহার করা হচ্ছে আধুনিক কিউআর কোড। বিশেষ এই কিউআর কোডটি সাঁটানো থাকবে আমের গায়ে। সেখানে মোবাইল স্ক্যান করলেই বেরিয়ে আসবে আমের সমস্ত তথ্য।

জেলার ৩ আমের গায়ে কিউআর কোড

মালদা জেলা উদ্যান পালন দফতরের তরফে চলতি বছর থেকেই এই কিউআর কোডের ব্যবহার শুরু হয়েছে। ইতিমধ্যেই মালদার লক্ষণভোগ, ফজলি ও হিমসাগর আম জিআই পেয়েছে। এই তিন প্রজাতির আমে প্রথম কিউআর কোড ব্যবহার করা হচ্ছে। মালদার রতুয়ার দেবনারায়ণ ঘোষ নামে এক আমচাষি প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে আসেন। উদ্যান পালন দফতরের সহযোগিতায় ওই চাষিই প্রথম তিনটি প্রজাতির আমে এই কিউআর কোড ব্যবহার করছেন। দিল্লির আম মেলায় তা নিয়েও গিয়েছেন। সেখানে তাঁর বাগানের আম কিউআর কোড ব্যবহার করেই বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে।

আগমীদিনে সমস্ত আমেই QR Code ব্যবহারের পরিকল্পনা

আগামীতে উদ্যান পালন দফতরের উদ্যোগে জেলার সমস্ত কৃষকের আমেই এই ধরনের কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এতে খুব সহজেই মালদর আম চিনতে পারবেন সাধারণ ক্রেতারা। তাতে একদিকে যেমন মালদার আমের সুনাম নষ্ট হবে না, তেমনই আম রফতানি ও দূরের ক্রেতাদের তা কিনতেও অনেকটা সুবিধা হবে। আর রফতানি ঠিকমতো হলে, দেশের বিভিন্ন প্রান্ত, এমনকী বিদেশেও মালদার আমের বাজার আরও বেশি করে তৈরি হবে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *