গাঁটছড়া ব্রাজিল আর বাংলার। ব্রাজিলের কন্যার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন নবদ্বীপের পাত্র। সোশ্যাল মিডিয়া বেঁধে দিয়েছিল বন্ধনহীন গ্রন্থি, সেই সম্পর্কই আজ এসে পৌঁছল ছাদনাতলায়। প্রায় ছয় বছর আগে ফেসবুকে পরিচয়, তার থেকেই ভালোবাসা। দেশ, সীমানার বেড়া ভেঙে ভার্চুয়ালেই পূর্ণতা পায় সে প্রেম। সেই প্রেমের টানেই প্রেমিক কার্তিক মণ্ডলের সঙ্গে সংসার করতে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে ছুটে এসেছেন ব্রাজিলিয়ান কন্যা ‘ম্যানুয়েলা আলভেস দা সিলভা’। ভাষার ব্যবধান মুছে স্মার্ট ট্রান্সলেটরের সৌজন্যে দিব্যি ডালপালা মেলেছে প্রেম। প্রেমের পথ পেরতে ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। এদিনে বিয়ের মণ্ডপেই প্রেমিক কার্তিকের যত্নে সংস্কৃত, বাংলা বুঝতে অসুবিধা হয়নি ম্যানুয়েলার। পাত্র কার্তিক বিভিন্ন ভাবে তার জীবন সঙ্গিনী কে মোবাইলে বাংলা থেকে পর্তুগিজ ভাষায় অনুবাদ করে দিচ্ছিলেন মন্ত্র। পুরোহিতের সঙ্গে সঙ্গে বাংলা ও সংস্কৃত ভাষায় মন্ত্রচ্চারণ করে নিষ্ঠা ভরে বিয়ের আচার পালন করে ব্রাজিলিয়ন কনে। নতুন জীবনের শুরুর আগেই অল্পস্বল্প বাংলাও শিখে নিয়েছেন নববধূ।