দক্ষিণে আজও বিক্ষিপ্ত বৃষ্টি
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শনি ও রবিবার পশ্চিমবঙ্গের উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। এরপর ১ থেকে ৩ জুলাই দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পর্যাপ্ত বৃষ্টি পাবে কলকাতাও। এক কথায় বলতে গেলে শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ফলে কিছুটা মিটবে বৃষ্টির ঘাটতি। জুন মাসে আজকের তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সার্বিক ভাবে বৃষ্টির ঘাটতি ৭১ শতাংশ। অর্থাৎ স্বাভাবিকের তুলনায় এখনও পর্যন্ত মাত্র ২৯ শতাংশ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে।
বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও
এদিন কলকাতায় প্রধানত মেঘলা আকাশই থাকবে। দিনের বিভিন্ন সময় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। দিন ও রাতের তাপমাত্রায় ব্যবধান থাকতে পারে। সেক্ষেত্রে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১,৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতায়। সেক্ষেত্রে যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, সেটিও শনিবার থেকে কিছু কমবে বলে আশা করা হচ্ছে।
উত্তরের আবহাওয়ার কী খবর?
এদিকে পার্বত্য সহ উত্তরবঙ্গের উপরের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে শুক্রবার সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষণের তীব্রতা কমতে পারে। এরপর দু’দিন কমই থাকবে বৃষ্টি। যদিও শনি এবং রবিবার মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। জুলাইয়ের শুরু থেকে ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। সেক্ষেত্রে ১ থেকে ৩ জুলাই উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
