লালবাজার সূত্রে খবর, শহরে বছরে পথ কুকুরদের উপর হামলা, বিষ প্রয়োগ, পঙ্গু করে দেওয়ার মতো অভিযোগ জানিয়ে ১৭৫-২৫০ টির মতো অভিযোগ জমা পড়ে। উত্তরের তুলনায় দক্ষিণের থানাগুলিতেই অভিযোগের সংখ্যা বেশি। নতুন আইন প্রসঙ্গে আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন,’৪২৮ নম্বর ধারায় খুব সামান্য টাকার বিনিময়েই জামিন পাওয়া যেত। কিন্তু, ভারতীয় ন্যায় সংহিতা আইনে সর্বোচ্চ সাজা ৫ বছর পর্যন্ত করার কথা বলা হয়েছে। জরিমানার পরিমাণ ঠিক করবে আদালত। এতে পোষ্যদের উপর আক্রমণের ঘটনা কমবে।’
কলকাতা পুলিশের এক কর্তা বলেন,’পোষ্যদের বিরুদ্ধে হামলা সংক্রান্ত অভিযোগ এলে তা গুরুত্ব দিয়েই দেখা হয়। সাজা বৃদ্ধি হলে এই অত্যাচার অনেকটা কমবে বলে আমাদের ধারণা।’ দমদমের একটি পথ কুকুরদের সংগঠনের প্রতিনিধি অসীম চৌধুরীর কথায়,’অনেকদিন আগে এই পরিবর্তন প্রয়োজন ছিল। কারণ, পথ কুকুরদের উপর হামলার ঘটনা বাড়ছে।’
দীর্ঘদিন ধরে পথ কুকুরদের জন্য লড়াই চালিয়ে আসছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি মনে করেন, ‘শুধু সাজার মেয়াদ বাড়ালেই হবে না। যদি তাই হতো, তাহলে শহরে আর খুন, চুরির মতো অপরাধ ঘটত না। ফলে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোটাও ভীষণ জরুরি।’
লাভ অ্যান্ড কেয়ার ফর অ্যানিম্যালস -এর অন্যতম কর্তা সুস্মিতা রায় বলছেন, ‘ আগে মাত্র দশ টাকা জমা দিয়ে এই মামলা থেকে জামিন পাওয়া যেত। এই আইনে সেটা তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে সাজার মেয়াদও।’ স্ট্রিটডগ কোথায় কত কলকাতা ১ লক্ষ ৭ হাজার বিধাননগর ৩৭ হাজার দমদম ৫৮ হাজার কলকাতায় ১৭৫-২৫০ টি অভিযোগ জমা পড়ে বছরে।
