দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টির পরিমাণ
দক্ষিণবঙ্গে এদিন থেকেই কমতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে এদিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ জুলাই থেকে হতে পারে আবহাওয়ার পরিবর্তন। সেক্ষেত্রে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।
কলকাতার আবহাওয়া কেমন?
এদিকে শহর কলকাতায় এদিন মূলত মেঘলা আকাশই থাকবে। সঙ্গে কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। আবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি। এক্ষেত্রে হাওয়া অপিস জানাচ্ছে, তাপমাত্রায় আপাতত তেমন কোনও উত্থানপতন দেখা যাবে না। বাতাসে জলীয় বাষ্পের থাকতে পারে পরিমাণ ৭৭ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতার আলিপুরে বৃষ্টি হয়েছে ৮.৬ মিলিমিটার।
উত্তরবঙ্গেও বৃষ্টি কমার পূর্বাভাস
অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিগত বেশকিছুদিন ধরে চলেছে ভারী থেকে অতিভারী বৃষ্টি। সেই দিক থেকে এদিন আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বুধবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে শনিবার থেকে আবারও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, যা চলবে সোমবার পর্যন্ত।
