হাসপাতাল রোডে নিজের বাড়িতেই ক্লিনিক চালান এই জেনারেল ফিজিশিয়ান। বুধবার থেকে তিনি প্রেসক্রিপশনে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা স্ট্যাম্প সাঁটাচ্ছেন। দাবি, আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি। আর এই অভিনব প্রতিবাদের পন্থা নিয়েই শুরু হয়েছে চর্চা। রোগীরাও ডাক্তারবাবুর প্রেসক্রিপশনে প্রতিবাদ জানানোর পন্থা সাদরে গ্রহণ করছেন এবং তাঁর পাশে দাঁড়িয়েছেন।
চিকিৎসক দেবব্রত রায় বলেন, ‘বহু চিকিৎসক প্রতিবাদ করছেন নিজের মতো করে। রোগী দেখা বন্ধ করলে বহু মানুষ বিপদে পড়তে পারেন। তাই প্রেসক্রিপশনে এভাবে স্ট্যাম্প সাঁটিয়ে বিচার চাইছি। এই ঘটনায় শিউরে উঠেছিলাম। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাই এই নিঃশব্দ প্রতিবাদ।’
ডাক্তারবাবুর বিশেষ প্রেসক্রিপশন প্রসঙ্গে এক রোগী তাপস রায় বলেন, ‘বাবাকে দেখাতে নিয়ে এসেছিলাম চিকিৎসক দেবব্রত রায়ের কাছে। তিনি প্রেসক্রিপশনে প্রতিবাদী স্ট্যাম্প দিয়েছেন। আমরা তাঁর পাশে রয়েছি। এই ধরনের নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়াই উচিত।’ দীক্ষা চৌহ্বান নামে অন্য এক রোগি বলেন, ‘আমিও একজন মেয়ে। ডাক্তারবাবু প্রতিবাদের যে পন্থা বেছে নিয়েছেন তা প্রশংসার যোগ্য। চিকিৎসা বন্ধ রাখলে বহু মানুষ সমস্যায় পড়তেন। এভাবে তাঁর বার্তা রোগী এবং তাঁর পরিবারের পাশাপাশি সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে পড়বে।’
শুধু চিকিৎসক দেবব্রত রায় নন, রায়গঞ্জের উকিল পাড়াতেও একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসকরা প্রেসক্রিপশনে একইরকমভাবে ‘জাস্টিস ফর আরজি কর’ স্ট্যাম্প দিয়ে আরজি করের ঘটনার প্রতিবাদ করছেন।
