Barasat Police District: বারাসত থেকে মধ্যমগ্রাম হবে অ্যাম্বুল্যান্স করিডর – barasat traffic police department takes initiative to make an ambulance corridor on jessore road


এই সময়, বারাসত: যানজটে আটকে থাকে অ্যাম্বুল্যান্স। হাঁসফাঁস অবস্থা হয় তার ভিতরে থাকা রোগীর। সেই যানজট থেকে বেরিয়ে হাসপাতালে রোগী নিয়ে যেতে নাজেহাল অবস্থা হয় রোগীর পরিবারের। বারাসত শহরের যানজট এড়িয়ে অ্যাম্বুল্যান্সের যাতায়াতের সুবিধার জন্য এ বার যশোহর রোডে অ্যাম্বুল্যান্স করিডর করার উদ্যোগ নিয়েছে বারাসত পুলিশ জেলার ট্র্যাফিক বিভাগ।বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে যশোহর রোড ধরে মধ্যমগ্রাম পর্যন্ত ছয় ফুটের অ্যাম্বুল্যান্স করিডর করতে চাইছে পুলিশ। এর জন্য প্রাথমিক ভাবে মাপজোকের কাজ দ্রুত শুরু করা হবে বলে বারাসত ট্র্যাফিক সূত্রে জানা গিয়েছে।

অ্যাম্বুল্যান্স করিডরের জন্য যশোহর রোডের কোথাও কোথাও জবরদখল মুক্ত করা হতে পারে। বারাসত মেডিক্যাল কলেজে রোগীর চাপ খুব বেশি। প্রতিদিন কয়েক হাজার মানুষ আউটডোর পরিষেবা নেন। বারাসত মহকুমা ছাড়াও অন্য এলাকা থেকে এই হাসপাতালে রোগী আসেন।

এ ছাড়া বারাসত হাসপাতাল থেকে রোগীদের কলকাতার সরকারি হাসপাতালে রেফার করা হয়। বারাসতে অ্যাম্বুল্যান্সের যাতায়াতও বেশি। এমনিতেই শহরে টোটো, অটো, ভ্যানের জন্য যানজট লেগেই থাকে। এই পরিস্থিতিতে রোগী নিয়ে অ্যাম্বুল্যান্সকে অপেক্ষা করতে হয়।

বারাসত ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল কলেজ থেকে যশোহর রোড ধরে মধ্যমগ্রামের শেষ পর্যন্ত তৈরি করা হবে অ্যাম্বুল্যান্স করিডর। যশোহর রোডের ধার দিয়ে ছয় ফুটের চওড়া রাস্তা করার উদ্যোগ নেওয়া হয়েছে। যশোহর রোডের বারাসত থেকে মধ্যমগ্রাম পর্যন্ত অনেক জায়গায় গাড়ি পার্কিং করা থাকে।

এ ছাড়া রয়েছে জবরদখলের সমস্যা। অ্যাম্বুল্যান্স করিডরের জন্য জবরদখল উচ্ছেদ করতে হবে। ট্র্যাফিক পুলিশের দাবি, কড়া হাতেই পরিস্থিতি সামাল দেওয়া হবে। বারাসত ট্র্যাফিক পুলিশের ডিএসপি অলোকরঞ্জন মুন্সি বলেন, ‘মানুষের কথা ভেবে আমাদের এই সিদ্ধান্ত। বারাসত মেডিক্যাল কলেজে প্রতিদিন বহু অ্যাম্বুল্যান্স রোগী নিয়ে আসে। শহরের যানজট এড়িয়ে অ্যাম্বুল্যান্স নির্বিঘ্নে এবং দ্রুত যাতায়াতের জন্যই এই উদ্যোগ। আশা করছি দ্রুত এর কাজ শুরু করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *