উল্টোডাঙা-আহিরীটোলা রুটে প্রতি বছর শ্রাবণ মাসে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি, পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত টানা এই রুটে পাঁচ টাকা ভাড়া বাড়ানো হয়। তবে, যাত্রীদের অভিযোগ, পুজোর আগেই উল্টোডাঙা-শোভাবাজর মেট্রো রুটে বেশি ভাড়া নিচ্ছে অটো চালকদের একাংশ। ১৫ টাকার ভাড়া বেড়ে হয়েছে ২০ টাকা। যে কারণে ক্ষোভ জমছে যাত্রীদের মধ্যে। এক যাত্রীর কথায়, ‘পুজোর সময় ৫-১০ টাকা ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে আপত্তি নেই। কিন্তু, এখন থেকে ভাড়া বাড়িয়ে দিলে আমরা কোথায় যাব?’
রাসবিহারী-গড়িয়াহাট রুটেও ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ১১ টাকা থেকে ভাড়া বাড়িয়ে ১৩ টাকা নিচ্ছেন অনেক অটো চালকরা বলে অভিযোগ যাত্রীদের। পুজোর এক সপ্তাহ আগেই এই রুটে যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে যায়। পুজোর মার্কেটিং-এর জন্য প্রচুর এই অঞ্চলে ভিড় করেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশি ভাড়া নিচ্ছেন অনেকেই বলে দাবি যাত্রীদের। যদিও, গড়িয়াহাট অটো ইউনিয়নের দাবি, পুজোর সময় ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ভাড়া বেশি নেওয়ার কোনও বিষয় নেই।
শহরের আরও একাধিক রুটে ঝোপ বুঝে কোপ মারছেন অনেক অটোচালকই, অভিযোগ নিত্য যাত্রীদের। গড়িয়াহাট রুটের এক অটো চালকের দাবি, যেভাবে তেলের দাম বেড়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তাতে পুজোর সময় ২-৫ টাকা ভাড়া বেশি নিলে যাত্রীদের অসন্তোষ হওয়ার কথা নয়। পুজোর সময় যাতো বাড়তি উপার্জন হয়, সেই কথা মাথায় রেখেই ভাড়া বাড়াতে হয়।
