জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (KKR vs RCB IPL 2025) হাত ধরে চলতি আইপিএলের কার্টেন রেজার হয়েছিল গত ২২ মার্চ। বোধনেই কেকেআরকে ৭ উইকেটে হারিয়েছিল আরসিবি। সেদিন ইডেনের ফেন্সিং টপকে কোহলির পা ছুঁয়ে গ্রেফতার হয়েছিলেন বর্ধমানের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরা। যদিও শর্তাধীন জামিনে তাঁকে ছেড়েছে ব্যাঙ্কশাল কোর্ট। এই ঘটনা ঘিরে বিস্তর চর্চা হয়েছিল। প্রশ্ন উঠেছিল ইডেনে পুলিসের নিরাপত্তা নিয়েও।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
কেকেআরের দ্বিতীয় ম্যাচেও একই ঘটনা ঘটল! তবে এবার আর বাংলা নয়, অসমের শহর গুয়াহাটি, বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামেরও ফেন্সিং টপকে এক ভক্ত চলে আসেন মাঠের ভিতর। রাজস্থান রয়্যালসের অস্থায়ী অধিনায়ক রিয়ান পরাগের পা ছুঁয়ে ফেলেন তিনি। নিরাপত্তারক্ষীরা ভক্তকে মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার আগে তিনি জড়িয়ে ধরেন রিয়ানকে। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শোনা যায়নি যে, সেই ভক্তকে পুলিস গ্রেফতার করেছে বা এরকম কিছু! রিয়ান গুয়াহাটির নায়ক এবং দ্বিতীয়বারের মতো এই ভেন্যুতে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। তার নামেই সবচেয়ে জোরে জয়ধ্বনি উঠেছিল। রিয়ানের ভক্ত যে, সমস্ত বাধা পেরিয়ে রিয়ানের কাছে চলে এসেছিলেন, তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে প্রশ্ন থাকছে গুয়াহাটির নিরাপত্তা নিয়ে।
গতবছর আইপিএলে রাজস্থান রয়্যালসের অন্যতম উজ্জ্বল পারফর্মার ছিলেন রিয়ান । ৫২.০৯ এর চিত্তাকর্ষক গড়ে এবং ১৪৯.২২ এর স্ট্রাইক রেটে ৫৭৩ রান করেছিলেন। তাঁর ৮৪* রান এখনও সর্বাধিক আইপিএল স্কোর, যা তাঁর পরিপক্কতা এবং আত্মবিশ্বাসের প্রতিফলন। নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন চোটের কারণে নেতৃত্ব দিচ্ছে না। তাঁর পরিবর্তে এখন রিয়ানের কাঁধে দায়িত্ব। যদিও তিনি সানরাইজার্স হয়দরাবাদের বিরুদ্ধে মাত্র ৪ রান করে ফিরেছিলেন। কেকেআরের বিরুদ্ধে ১৫ বলে ২৫ রান করে আউট হয়েছেন রিয়ান। যদিও তাঁর দল ৮ উইকেটে হেরেছে। পরপর দুই ম্যাচ হেরে রীতিপতো শুরুতেই পিছিয়ে পড়ল রাজস্থান। তালিকায় সবার শেষে তারা!
আরও পড়ুন: অটোচালক বাবার ছেলে থেকে গব্বরের শিষ্য! আইপিএলের প্রথম সপ্তাহ মাতালেন ৪ আনক্যাপড…
আরও পড়ুন: ছাব্বিশের মহাসংগ্রাম; ৪৮ দেশের লড়াইয়ে চূড়ান্ত ৭, বাকিদের বিশ্বকাপে এন্টি কীভাবে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
