জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের আসন্ন অ্যাসাইনমেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে। ৯-২৮ সেপ্টেম্বর আয়োজিত হবে এশিয়া কাপ (Asia Cup 2025)। গতবারের চ্যাম্পিয়নদের ফোকাস শিরোপা ধরে রাখার দিকেই। অজিত আগরকরের (Ajit Agarkar) নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি বেছে নিয়েছে এশিয়া কাপের ১৫ সদস্যের আগুনে স্কোয়াড (India’s Squad For Asia Cup 2025)। টিম ইন্ডিয়া দুবাইয়ে চলে এসে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনও শুরু করে দিয়েছে। আর কাপযুদ্ধের আগে এখন নজর কেড়েছে দলের দুই মহারথী সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়ার নতুন হেয়ারকাট (Hardik Pandya And Suryakumar Yadav’s New Haircut)।
সূর্যকুমার যাদবের নতুন হেয়ারকাট
সাধারণত সেলেব ক্রিকেটাররা সেলেব হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমের কাছেই চুল কাটান। তবে সূর্য-হার্দিকের চুলে কিন্তু এবার হাকিম চালাননি কাঁচি! তাহলে চুল কাটলেন কে? ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার দুবাই উড়ে যাওয়ার আগে, মুম্বইয়ের জনপ্রিয় হেয়ারস্টাইলিস্ট সানি ভার্মার সানি হেয়ারপোর্টে গিয়ে চুল কাটিয়েছেন। বান্ড্রার এই সালোঁতে সূর্যের সঙ্গেই ছিলেন তাঁর স্ত্রী দেবিশা শেট্টি। সূর্যকে ক্লিন বাজ কাট দিয়েছেন সানি। যদিও সূর্য প্রাকৃতিক চুলের রংই ধরে রেখেছেন। কিন্তু নেটপাড়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সূর্য চুলের রং গোলাপি করিয়েছেন। তবে তা ডিজিটালি এডিট করা এবং পুরোপুরি মিথ্যা। সানি নিজেই তাঁর সালোঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে সূর্যর সঙ্গে ছবি শেয়ার করে তাঁকে আসন্ন যুদ্ধের শুভেচ্ছা জানিয়েছেন। সানি নিজে হাতে চুল কাটলে ছেলেদের ক্ষেত্রে ৩৫০০ টাকা চার্জ করেন। তাঁর টিমের কেউ কাটলে সেই অঙ্কটা কিছুটা কমে।

হার্দিক পাণ্ডিয়ার নতুন হেয়ারকাট
নিজের হেয়ারস্টাইল নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন হার্দিক। ভীষণ স্টাইলিশ এই ক্রিকেটার প্রায়শই নিজের চুলের সঙ্গে খেলা করেন। হার্দিকের নতুন চুলের ছাঁট ছোটর উপর, টেক্সচার্ড কাট এবং স্যান্ডি ব্লন্ড রঙের। মাথার পাশে এবং পিছনে একটি লো ফেড স্টাইল রয়েছে, যা একটু লম্বা, টেক্সচার্ড টপের সঙ্গে মিশেছে। স্যান্ডি ব্লন্ড রং প্ল্যাটিনাম এবং সোনালি রঙের মাঝামাঝি। একজন ক্রীড়াবিদের জন্য দারুণ কাট। হার্দিক যে কালার করিয়েছেন। সাধারণত সেই রঙ ভারতীয় ক্রিকেটারদের বেছে নিতে দেখা যায় না। হার্দিক বরাবরই যে ব্যতিক্রমী, সে মাঠে হোক বা মাঠের বাইরে। জানা যাচ্ছে হার্দিক চুল কাটিয়েছেন দুবাইয়ের সালোঁ লিয়ো থেকে। স্টাইলিস্ট উদিকা প্রেমারত্নে হার্দিকের চুল কেটেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
