জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাত দিনের ব্যবধানে একদম একই রেজাল্ট। ফের পাকিস্তানকে এশিয়া কাপে (India vs Pakistan Asia Cup 2025) উড়িয়েছে ভারত। আর এই জয়ের সঙ্গেই সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) ফাইনালের দিকে আরও এক পা বাড়িয়ে রাখলেন। খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসে রীতিমতো পাকিস্তানকে ট্রোল করে চলে গেলেন ভারতের অধিনায়ক। সূর্য সাংবাদিকদের সামনে সাফ জানিয়ে দিলেন, আজ আর বাইশ গজে কোনও ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা নেই (Suryakumar Yadav On India vs Pakistan)। সবটাই একপেশে, সেখানেই ভারতেরই রমরমা।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ডুবল পাকিস্তান…
এক সাংবাদিক সূর্যর কাছে ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করেছিলেন। শুনে সূর্য হাসতে হাসতে বলেন, ‘স্যর, আপনাদের কাছে আমার অনুরোধ, ভারত-পাকিস্তান ম্যাচকে প্রতিদ্বন্দ্বিতা বলা বন্ধ করা দরকার। সাংবাদিক সূর্যকে থামিয়ে দিয়ে বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা নয় বরং মান’ সম্পর্কে বলছি আমি। সূর্যর সংযোজন, ‘স্যার, প্রতিদ্বন্দ্বিতা এবং মান সবই এক।প্রতিদ্বন্দ্বিতা কী? যদি দু’টি দল ১৫টি ম্যাচ একে-অপরের বিরুদ্ধে খেলে ফল ৮-৭ হয়, তখনই তা প্রতিদ্বন্দ্বিতা। এখানে ১৩-০, ১০-১ বা এমন কিছু। পরিসংখ্যান ঠিক কী তা আমি জানি না। তবে ভারত-পাক ম্যাচে আর কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই।’
আরও পড়ুন: অভিষেকের ভয়ংকর তাণ্ডবে পাকিস্তানকে ধুয়ে ফাইনালের দরজায় ভারত…
ভারতেরই রাজত্ব চলছে…
গ্রুপ পর্বে পাকিস্তানকে সাত উইকেটে হারানোর পর সুপার ফোরে তাদের আবার ছয় উইকেটে হারাল ভারত। টি-২০ সংস্করণে এটাই ভারতের রান তাড়া করে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জয়। ম্যাচে সূর্য ব্যাট হাতে ছাপ রাখতে পারেননি। ডিপ থার্ডের উপর দিয়ে উড়িয়ে খেলতে গিয়ে অধিনায়ক হারিস রউফের বলে আবরার আহমেদের হাতে জমা পড়ে যান। তবে খেলার শেষ দেশবাসীর মন জয় করে নিয়েছেন তিনি। ২০২২ সালের কুড়ি ওভারের বিশ্বকাপের পর থেকে, সাদা বলের ক্রিকেটে এটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের টানা সপ্তম জয়। পাকিস্তানের বিরুদ্ধে ১৫টি টি-টোয়েন্টিআই-তে ভারত ১২ বার জিতেছে এবং তিনবার হেরেছে।
এশিয়া কাপ ২০২৫: ভারত ৬ উইকেটে জয়ী
এশিয়া কাপ ২০২৫: ভারত ৭ উইকেটে জয়ী
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: ভারত ৬ উইকেটে জয়ী
কুড়ি ওভারের বিশ্বকাপ ২০২৪: ভারত ৬ রানে জয়ী
৫০ ওভারের বিশ্বকাপ ২০২৩: ভারত ৭ উইকেটে জয়ী
এশিয়া কাপ ২০২৩: ভারত ২২৮ রানে জয়ী
কুড়ি ওভারের বিশ্বকাপ ২০২২: ভারত ৪ উইকেটে জয়ী
আরও পড়ুন: বিরাটের প্রথম অধিনায়ক, আইপিএল খেলেছেন সৌরভ-ধোনির নেতৃত্বে, এবার বোর্ড প্রেসিডেন্ট!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
