জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধারাবাহিকের পাশাপাশি নতুন সিনেমার শ্যুটিং শুরু করেছেন অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। এরই মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা। বর্তমানে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের ইমারজেন্সিতে চিকিৎসাধীন রয়েছেন তিনি, চলছে বেশ কিছু টেস্ট। জানা গিয়েছে, নতুন ছবি’এরাও মানুষ’-এর শ্যুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।
আরও পড়ুন- Salman Khan: ‘মিথ্যে কথা বলে যুবসমাজকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন সলমান, আছে প্রমাণও’! দায়ের মামলা…
হুগলির ধান্যকুড়িয়ায় প্রকাশ লাহিড়ী পরিচালিত ‘এরাও মানুষ’ ছবির শুটিং করছিলেন জীতু। জ্বর ছিল অভিনেতার। শ্যুটিং চলাকালীনই হঠাৎ অসুস্থ বোধ করেন অভিনেতা। তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং এর সঙ্গে শুরু হয় কাঁপুনি। শ্যুটিং ফ্লোর থেকে ভ্যানিটি ভ্যানে গিয়ে অজ্ঞান হয়ে যান অভিনেতা। পরিস্থিতি খারাপ হতে দেখে বিন্দুমাত্র দেরি না করে তাঁকে দ্রুত বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জীতু চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিনেতার নিউমোনিয়ার হিস্ট্রি রয়েছে, সেই কারণেই চলছে বেশ কিছু টেস্ট। বর্তমানে তাঁকে ইমারজেন্সিতেই ভর্তি করা হয়েছে তাঁকে।
ছোটপর্দা থেকে বড়পর্দা, জীতুর জনপ্রিয়তা তুমুল। সম্প্রতি অভিনেতা তাঁর আগামী ছবি ‘এরাও মানুষ’-এর কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। প্রকাশ লাহিড়ী পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করার কথা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। এই পরিস্থিতিতে অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর অসংখ্য ভক্ত এবং অনুরাগীরা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
২০২৫ সালটি জীতু কমলের জন্য বেশ সাফল্যের বছর। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে তাঁর অভিনীত ছবি ‘গৃহপ্রবেশ’ দর্শক ও সমালোচক মহলে বিশেষ প্রশংসা কুড়িয়েছিল। এই ছবিটি অভিনেতাকে একটি আলাদা পরিচিতি এনে দিয়েছে। বড় পর্দার পাশাপাশি ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ায় মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। এছাড়া জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করে তিনি এখন সকলের ‘ঘরের ছেলে’।
অভিনেতা হিসেবে নিজের ঠান্ডা মাথার স্বভাব এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে জীতু কমল ইন্ডাস্ট্রিতে ‘অডিয়েন্স স্টার’ হিসেবে পরিচিত। খুব স্বাভাবিকভাবেই তাঁর হঠাৎ অসুস্থতার খবর ছড়াতেই সকলে মুষড়ে পড়েছেন। ভক্তরা দ্রুত তাঁর আরোগ্য এবং শ্যুটিং ফ্লোরে প্রত্যাবর্তনের কামনা করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
