চরম সাসপেন্স থ্রিলারের নাম ইডেন টেস্ট, রবিতেই ফয়সলা রোমাঞ্চকর দ্বৈরথের! খেলা হবে…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ‘গা ছমছম, কী হয়! কী হয়’! টেস্ট ক্রিকেটের ঝুলি খুলেই গিয়েছে। আর তা বলছে চরম সাসপেন্স থ্রিলারের গল্প। ভারত-দক্ষিণ আফ্রিকা ইডেন টেস্ট (India vs South Africa, 1st Test Day 2) পুরো জমে ক্ষীর! মাত্র তিন দিনেই টেস্টের নিস্পত্তি হওয়ার যাবতীয় সমীকরণ তৈরি দ্বিতীয় দিনের শেষেই! এই মুহূর্তে স্টিয়ারিং যদিও ভারতের হাতেই, তবেই টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাও কিন্তু কিস্তিমাত করতে পারে ক্রিকেটের নন্দনকাননে! 

Add Zee News as a Preferred Source

আসা যাক খেলার প্রসঙ্গে

গত শুক্রবার, টেস্টের প্রথম দিনেই জসপ্রীত বুমরার ৫ উইকেটের আগুনে স্পেলে, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে গিয়েছিল। জবাবে ১২২ রানে পিছিয়ে দিন শেষ করেছিল ভারত। যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ওপেন করতে নেমেছিলেন। মার্কো জানসেনের বলে ক্লিন বোল্ড হয়ে যান যশস্বী। ২৭ বলে মাত্র ১২ রান করেন তিনি। গতদিনের দুই অপরাজিত ব্যাটার- রাহুল ও ওয়াশিংটন সুন্দর খেলতে নেমেছিলেন দ্বিতীয় দিনের সকালে,অর্থাৎ শনিবার, আজ। ওয়াশিংটন ২৯ রান করে আউট হয়ে যান। 

আচমকাই শুভমেনর চোট!

চারে নেমেছিলেন শুভমন। তখন ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৭৫। মাত্র ৩ বল খেলে ৪ রান করেই আহত-অবসৃত হন ক্যাপ্টেন। সাইমন হার্মারকে স্কোয়ার লেগের উপর দিয়ে স্লপ সুইপ করে চার মারার পরই, শুভমন রীতিমতো অস্বস্তি বোধ করতে শুরু করেন। এরপর শুভমন হেলমেট খুলে ঘাড়ের পেছনের অংশে হাত দিয়ে নিজেই ঘষতে থাকেন। এরপর সঙ্গে সঙ্গে দলের ফিজিও কমলেশ জৈন মাঠে ছুটে আসেন। এসে শুভমনের ঘাড় ম্যাসাজ করতে করতে তাঁকে নিয়ে মাঠের বাইরে বেরিয়ে যান। যা দেখে দর্শকরা রীতিমতো হতাশ হয়ে পড়েন। যারা কিছু মুহূর্ত আগেও শুভমনের নামে জয়ধ্বনি দিচ্ছিল। শুভমনের বদলে ঋষভ পন্থ ব্যাট করতে নেমে ২৭ রান করে ফিরে যান। ঘাড়ের ব্যথা খতিয়ে দেখতে শুভমনকে উডল্যান্ডস হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ট্রেড; ‘থালাপতি’কে ছেড়েই দিল চেন্নাই! ২২৫ গুণ বেতন বাড়ালেন স্যামসন

ভারতের প্রথম ইনিংস

শুভমন চলে যাওয়ার পর ভারতের ইনিংসও ধীরে ধীরে গুটিয়ে যায়। ওপেনার রাহুল ফিরে যান ৩৯ রান করে। এরপর রবীন্দ্র জাদেজা (২৭), ধ্রুব জুরেল (১৪) ও অক্ষর প্যাটেলরা (১৬) কিছুক্ষণ ক্রিজে ছিলেন। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ৯ উইকেটে ১৮৯ রানে। ভারত মাত্র ৩০ রানের লিউই নিতে পেরেছে। হার্মার একাই তুলে নেন ৪ উইকেট। মার্কো জানসেন নিয়েছেন ৩ উইকেট। এক উইকেট কেশব মহারাজ ও এক উইকেট কেভিন বশের। দ্বিতীয় দিনে দারুণ ভাবে ফিরে ইডেন টেস্ট জমিয়ে দিলেন বাভুমাবাহিনী।

জাদেজা-কুলদীপের কামাল

দ্বিতীয় ইনিংসেও বাভুমাদের হতশ্রী ফর্ম একই ভাবে বজায় থাকল। প্রথম ইনিংসে বুমরা ধসিয়ে দিয়েছিলেন বাভুমাদের। আর এবার দ্বিতীয় ইনিংসে ঘাতক হয়ে উঠলেন রবীন্দ্র জাদেজা। একাই তুলে নিলেন চার উইকেট। জাদেজা ছাড়াও স্পিনের জাল বিছিয়ে কুলদীপ যাদব তুলে নেন দুই উইকেট। অক্ষরও নেন এক উইকেট। ভারতের স্পিন আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করেন প্রোটিয়া ব্যাটাররা। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ফেলেছে স্কোরবোর্ডে মাত্র ৯৩ রান তুলে। মাত্র ৬৩ রানের লিড নিতে পেরেছে তারা। অধিনায়ক বাভুমা (২৯) ও বশ (১) অপরাজিত রয়েছেন। তৃতীয় দিনের সকালেই ভারত চাইবে যত দ্রুত সম্ভব তিন উইকেট তুলে নিতে। আর তারপর প্রোটিয়াদের টার্গেট চেজ করে সিরিজে ১-০ এগিয়ে যাওয়া।

আরও পড়ুন: আচমকাই বিরাট ধাক্কা ভারতীয় দলে! গুরুতর চোটে মাঠ ছাড়লেন শুভমন, যন্ত্রণায় কাতরাচ্ছেন ক্যাপ্টেন…

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *