বিধান সরকার: আট থেকে আশি। বাদ যেত না কেউ। AI দিয়ে মহিলাদের ছবি বিকৃত পোস্ট করত সোশ্যাল মিডিয়ায়! যুবককে পাকড়াও করে প্রকাশ্যে জুতোপেটা করলেন মহিলারাই। ধুন্ধুমারকাণ্ড হুগলির কোন্নগরে।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম প্রান্ত রায়। কোন্নগর কানাইপুর বাসাই অটো স্ট্যান্ড তাঁর মুদিখানার দোকান। সেই দোকানে আবার জেরক্সও করা হয়। অভিযোগ, যাঁরা দোকানে যেতেন, তাঁদের ছবি তুলে রাখতেন প্রান্ত। এরপর AI-র সাহায্যে সেই ছবিকে বিকৃত করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। শেষে সোশ্যাল মিডিয়ার সূত্রেই বিষয়টি জানতে পারেন অভিযুক্তের একসময়ের সহপাঠীরা।
আজ, রবিবার সকালে দোকানের সামনে হাজির হন একদল যুবতী। রাস্তা দিয়ে রীতিমতো জুতোপেঠ করতে অভিযুক্তকে কানাইপুর থানায় নিয়ে যান তাঁরা। এক যুবতী জানান, ‘কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসেছিল প্রান্ত। আমরা স্কুলের বন্ধু ছিলাম। দার্জিলিং থেকে আমরা আজই ফিরেছি’। অভিযোগ, ‘আমার এক বান্ধবীর ছবি তুলে ভিডিয়ো বানিয়েছে। ওর সাত-আটটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। বাচ্চা থেকে বয়স্ক মহিলাদের আপত্তিকর ছবি এআই দিয়ে বানিয়েছে। সেই ছবি কি করেছে এখনও জানি না’।
স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা চক্রবর্তী বলেন, ‘এই ছেলেটার পরিচয় যা পাচ্ছি তাতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে। প্রচুর মেয়ের ছবি তুলে এসব করেছে। পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিক’। অভিযুক্তকে আটক করেছে পুলিস। অনেকগুলি আধার কার্ড পাওয়া গিয়েছে বলে খবর।
আরও পড়ুন: Ashwas Scheme: নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে পুলিস, ত্রাতা ভূমিকায় প্রকাশ্যে ‘আশ্বাস’…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
