জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বক্স অফিস নয়, স্মার্ট বিনিয়োগেই ধনী! সম্পত্তির নিরিখে সানি-ববি দেওলকে টপকে গেলেন তাঁদের ভাই। বলিউড তাঁকে দেওল পরিবারের “চিন্তাশীল অভিনেতার” তকমা দিয়েছিল। তাঁর কাজ ছিল মূলত গতানুগতিক ছকের বাইরে, যা তাঁর জেঠতুতো ভাই সানি দেওল (Sunny Deol) এবং ববি দেওলের (Bobby Deol) বাণিজ্যিক সাফল্যের চেয়ে সম্পূর্ণ আলাদা। তবে বর্তমানে তাঁর সম্পর্কে যে তথ্য সামনে এসেছে, তা সম্পূর্ণ ভিন্ন। জানা যাচ্ছে, বক্স অফিসে বাণিজ্যিক সাফল্য কম থাকা সত্ত্বেও, চলচ্চিত্র জগতের বাইরে নেওয়া স্মার্ট আর্থিক সিদ্ধান্তের কারণে আজ দেওল পরিবারের সবচেয়ে ধনী সদস্য তিনিই।
‘লাইফস্টাইল এশিয়া’ এবং ‘মিডিয়াম’-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২০২৪ সালে সানি দেওলের সম্পদের পরিমাণ প্রায় ১২০ কোটি টাকা। ববি দেওলের সম্পদের পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা। সেই তুলনায় তাঁদের ভাইয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। তিনি হলেন অভয় দেওল।
আশ্চর্যজনকভাবে, সানি দেওল এবং ববি দেওল সাম্প্রতিক সময়ে বড় বাণিজ্যিক সাফল্য দেওয়া সত্ত্বেও, তাঁদের সম্মিলিত সম্পদও অভয় দেওলের মোট সম্পত্তির তুলনায় অনেকটাই কম। যদিও অভয় দেওল বর্তমানে তাঁর অভিনয় থেকে বছরে প্রায় ১০ কোটি টাকা আয় করেন, যা মূলত থিয়েট্রিকাল রিলিজের বদলে স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে আসে।
অভয় দেওলের এই বিশাল সম্পদের মূল কারণ হলো তাঁর বহুমুখী বিনিয়োগ বা ‘ডাইভারসিফিকেশন’। লাইফস্টাইল এশিয়া-র রিপোর্ট অনুযায়ী, কেরিয়ারের শুরুর দিকেই তিনি ‘দ্য ফ্যাটি কাউ’ নামে একটি রেস্তোরাঁ চেইন প্রতিষ্ঠা করেন। এটি তাঁর অন্যতম শক্তিশালী আয়ের উৎস। তিনি ‘ফরবিডেন ফিল্মস’ নামে নিজস্ব প্রযোজনা সংস্থাও শুরু করেন, যা অনেকটাই লাভের মুখ দেখে।
অভয়ের মোট সম্পদের বড় অংশ জুড়ে রয়েছে রিয়েল এস্টেট বিনিয়োগ। জানা যায়, কয়েক বছর আগে তিনি তাঁর মুম্বইয়ের বাড়িটি প্রায় ২৭ কোটি টাকা দিয়ে কিনেছিলেন, যার মূল্য এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, মুম্বই এবং পঞ্জাব জুড়ে তাঁর একাধিক সম্পত্তি রয়েছে। তাঁর গোয়ার ইকো-ফ্রেন্ডলি গ্লাস হাউজও বেশ আলোচিত।
এক সাক্ষাৎকারে অভয় দেওল বলেন যে অর্থ কখনোই তাঁর কাছে সাফল্যের মাপকাঠি ছিল না। তাঁর মতে, খ্যাতি বা আর্থিক ক্ষমতার চেয়ে ব্যক্তিগত স্বাধীনতা এবং নিজস্বতা তাঁকে বেশি সন্তুষ্টি দেয়। তিনি সবসময় স্টারডম বা বক্স অফিস নম্বর তাড়া করার পরিবর্তে অর্থপূর্ণ প্রোজেক্ট বেছে নেওয়ার ক্ষমতাকেই বেশি মূল্য দিয়েছেন। কর্মক্ষেত্রে, অভয়কে শেষবার জিনাত আমান এবং শাবানা আজমির সঙ্গে ‘বান টিক্কি’ এবং নেটফ্লিক্স মিনিসিরিজ ‘ট্রায়াল বাই ফায়ার’-এ দেখা গিয়েছিল, যা প্রশংসিতও হয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
