ম্যাচ চলাকালীন সেলফি তোলার আবদার, কাছে যেতেই স্টার প্লেয়ারকে মাথায় গুলি! হাহাকার…| Kabaddi Tournament Turns Deadly as Player Gunned Down in Punjab


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাবাডি টুর্নামেন্ট চলছে। ম্যাচের মাঝেই খেলোয়াড়কে সেলফির জন্য ডাক। আর সেটাই হল চরম কাল। সেলফির ডাকে সাড়া দিতে গিয়েই ভয়ংকর পরিণতি। প্রকাশ্যে গুলিতে ঝাঁঝরা করা হল খেলায়াড়কে। রক্তাক্ত অবস্থাতেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাটি পঞ্জাবের মোহালির।

Add Zee News as a Preferred Source

জানা যায়, সোমবার টুর্নামেন্ট চলাকালীন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি করে খেলোয়াড়কে খুন করে। নিহত খেলোয়াড়ের নাম রানা বালাচৌরিয়া। পুলিস জানায়, বাইকে করে আসা হামলাকারীরা সেলফি তোলার অজুহাতে রানার কাছে এসে হঠাৎ গুলি চালায়। প্রথমে গুরুতর আহত অবস্থায় রানাকে মোহালির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মুখ ও শরীরের উপরের অংশে চার থেকে পাঁচটি গুলির ক্ষত ছিল।

আরও পড়ুন:Deadly Road Accident: সাতসকালে রক্তাক্ত রাজধানী! ঘন ‘কালপ্রিট’ কুয়াশার জেরে ভয়ংকর সংঘর্ষ, মৃত কমপক্ষে…

মোহালির এসএসপি হারমনদীপ হান্স জানান, দুই থেকে তিনজন হামলাকারী ছবি তোলার অজুহাতে খেলোয়াড়দের কাছে আসে এবং হঠাৎ গুলি চালায়। তিনি বলেন, ‘আমরা সব দিক থেকে তদন্ত করছি। এই মুহূর্তে ঘটনার আসল কারণ নিয়ে কিছু বলা যাচ্ছে না।’ সূত্রের খবর, রানার খুব কাছ থেকে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। পুলিস গ্যাংস্টার যোগ-সহ একাধিক দিক থেকে তদন্ত করছে।

অন্যদিকে, এই হামলার দায় স্বীকার করেছে বাম্বিহা গ্যাং। তারা দাবি করেছে, নিহত রানা পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুনিদের আশ্রয় দিয়েছিলেন। একটি পোস্টে বাম্বিহা গ্যাং দাবি করেছে, রানা জগ্গু ভগবানপুরিয়া ও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। 

তারা আরও দাবি করে, মাখন অমৃতসর ও করণ নামে দু’জন এই হামলা চালিয়েছে। তদন্তকারীরা এটাও খতিয়ে দেখছেন, ঘটনার সঙ্গে কোনও পরিচিত পঞ্জাবি গায়কের আসার কথা ছিল কি না, যিনি গুলির ঘটনার কিছু আগে ওই টুর্নামেন্টে আসার কথা ছিলেন। ওই পোস্টে কিছু কাবাডি দলকে নিয়ে খেলতে খেলোয়াড় ও তাদের অভিভাবকদের সতর্ক করা হয়েছে এবং একই ধরনের পরিণতির হুমকিও দেওয়া হয়েছে। তবে পুলিস এখনও ওই পোস্টের সত্যতা নিশ্চিত করেনি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:SIR in Bengal: বাংলায় রেজাল্ট আউট! SIR-র খসড়া তালিকা প্রকাশ, কোথায়, কীভাবে দেখবেন আপনার নাম…

রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া:
এই ঘটনায় পঞ্জাবের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন আম আদমি পার্টি (AAP)-কে আক্রমণ করেছে। পঞ্জাব বিজেপির সাধারণ সম্পাদক পরমিন্দর ব্রার বলেন, গুলি চালানোর এই ঘটনা সরকারের দাবি ও বাস্তব অবস্থার ফারাক দেখিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ‘রংলা পঞ্জাব’ গড়ার দাবিকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, এমন ঘটনায় কি যুব সমাজ নিরাপদ?

প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রন্ধাওয়া ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে জানান এবং বলেন, এটি আইনশৃঙ্খলার বড় ব্যর্থতা। তিনি রাজ্য সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং বলেন, কাবাডি টুর্নামেন্টে গুলি চালানোর ঘটনা প্রশাসনিক ব্যর্থতার ভয়ংকর উদাহরণ। শিরোমণি আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল এই হত্যার জন্য AAP সরকারকে দায়ী করেন। তিনি বলেন, ‘জনসমক্ষে এমন হামলা প্রমাণ করে রাজ্যে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে।’ এদিকে, পুলিস নিরাপত্তা জোরদার করেছে। সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত আরও জোরদার করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *