Tollywood: টলিপাড়ায় পুলিসি তদন্ত! শুক্রবার আচমকাই লালবাজারে স্বরূপ বিশ্বাস থেকে শুরু করে যীশু-পরম-সৃজিতরা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরের শুরুতেই টলিপাড়ায় বড়সড় আলোড়ন। সাইবার অপরাধ (Cyber Crime) এবং অনলাইন রেটিং ম্যানিপুলেশনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার সরাসরি পুলিসের দ্বারস্থ হলেন টলিউডের (Tollywood)  একঝাঁক প্রথম সারির তারকা, প্রযোজক থেকে শুরু করে ফেডারেশন (Federation), ইম্পার (EIMPA) সদস্যরা। 

Add Zee News as a Preferred Source

শুক্রবার ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas), ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত (Piya Sengupta), প্রযোজক-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee), পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukerji), প্রযোজক শ্রীকান্ত মোহতা, প্রযোজক নিশপাল সিং রানে, প্রযোজক রানা সরকার (Rana Srkar) থেকে শুরু করে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee),  পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-সহ টলিপাড়ার বিশিষ্ট ব্যক্তিত্বরা পৌঁছে গেলেন লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে। তবে এদিন দেখা গেল না দেবকে। স্বরূপ বিশ্বাসকে সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘অনেকেই আজকে আসতে পারেনি। জিতের শ্যুটিং চলছে। কৌশিকদাও আসতে পারেননি।’

আরও পড়ুন- Dev: বছরের প্রথমদিনেই মেগাস্টারের মেগাধামাকা! একসঙ্গে ৩ ছবির রিলিজ ঘোষণা দেবের…

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই কুমন্তব্যের শিকার হতে হয় তারকাদের। বিনা কারণেই তৈরি হয় অশ্লীল মিম, ব্যক্তিগত জীবন নিয়েও হয় কাটাছেঁড়া। এই ধরনের সাইবার ক্রাইম বন্ধের আবেদন জানাতেই গিয়েছেন সকলে, এমনটাই জানালেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। দুর্গাপুজোতে ছবি মুক্তির সময়ে ‘রক্তবীজ টু’ সঙ্গে যুক্ত ছিলেন জিনিয়া সেন। তাঁকে অশালীন পোস্ট-হুমকি সব কিছুর সম্মুখীন হতে হয়েছে। সেই সময় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিনিয়া সেন ব্যক্তিগতভাবে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছিলেন। এবার জোট বেঁধেছে গোটা টলিউড।

গত বছরের শেষে অনলাইনে রেটিং ম্যানুপুলেশনেরও অভিযোগ উঠেছে। তা নিয়েও কম ধোঁয়াশা হয়নি। ঘটনার সূত্রপাত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-কে কেন্দ্র করে। অভিযোগ, ছবিটির মুক্তির প্রথম দিনেই ‘বুক মাই শো’-তে পরিকল্পিতভাবে রেটিং কমিয়ে দেওয়া হয়েছে। বহু দর্শক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবিটিকে ১০-এ ১ রেটিং দেওয়ায় সামগ্রিক রেটিং দাঁড়ায় ৪.৯। টলিপাড়ার সন্দেহ, কোনো এজেন্সির মাধ্যমে ষড়যন্ত্র করে এই কাজ করা হয়েছে।

আরও পড়ুন- Jeet-Pratim: নতুন নায়ক-নায়িকার সন্ধানে প্রযোজক জিত্‍! বছরের শুরুতেই জোট বাঁধলেন পরিচালক প্রতীমের সঙ্গে…

ইউটিউবারদের রিভিউয়ের নামে ব্যক্তিগত আক্রমণ এবং পেইড এজেন্সির দাপট রুখতেই এবার আইনি পথে হাঁটছে টলিউড। লালবাজারের এই পদক্ষেপ বাংলা চলচ্চিত্র শিল্পের স্বচ্ছতা বজায় রাখতে কতটা কার্যকরী হয়, এখন সেটাই দেখার। কেবল রেটিং জালিয়াতি নয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের পরিবারকে কুরুচিকর আক্রমণ ও ট্রোলিংয়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্বরূপ বিশ্বাস স্পষ্ট জানান, “ছবির অনুরাগী থাকা ভালো, কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা পরিবারের কাউকে হেনস্থা করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *