জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩৭ বছর বয়সী ভারতের তারকা ফাস্ট বোলার ইশান্ত শর্মার (Ishant Sharma ) কেরিয়ারে বড় আপডেট। পাক্কা সাত বছর পর ফিরলেন ক্যাপ্টেনের হটসিটে! গত মঙ্গলবার, ১৩ জানুয়ারি বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার ফর এক্সিলেন্স গ্রাউন্ড টু-তে বিদর্ভের বিপক্ষে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে তিনিই দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন বিদর্ভের বিরুদ্ধে। ১৯৯ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন পেসার লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০০ উইকেট পূরণের মাইলফলকও স্পর্শ করেছেন একই সঙ্গে।
আরও পড়ুন: মেয়েদের আইপিএলে কে এই সুন্দরী রহস্যময়ী? আবেদনময়ী অ্যাংকারকে দেখেই লাখো লাখো ফ্যানের…
ইশান্তের ২০০ উইকেট
বিদর্ভের ওপেনার আথর্ব তাইডেকে আউট করে ইশান্ত ২০০ উইকেটের নজির গড়েছেন। তাইডে ৭২ বলে ৬২ রানের সাবলীল ইনিংস খেলে ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন এবং ধ্রুব শোরের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে তুলেছিলেন। ইশান্তের ২০০ লিস্ট ‘এ’ উইকেটের মধ্যে ১১৫টি উইকেট এসেছে একদিনের আন্তর্জাতিক ম্যাচে। ইশান্ত ২০০৭ সালে ওডিআই অভিষেক করেন এবং সিনিয়র জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় ধরে খেলেছেন। যদিও তিনি ২০১৬ সালের পর থেকে এই ফরম্যাটে আর খেলেননি। ইশান্ত তাঁর কেরিয়ারের শেষ দিকে নিজেকে লাল বলের বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১১৫ টেস্ট ম্যাচে ৩১১ উইকেট নিয়েছেন
ইশান্ত আছেন ইশান্তেই
২০২১ সালের পর থেকে টেস্ট দলে ডাক না পেলেও, ইশান্ত ঘরোয়া ক্রিকেটে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন এবং বছরের পর বছর ধরে নিয়মিত দিল্লির হয়ে খেলছেন। ইশান্ত শেষবার অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছিলেন ২০১৯ সালে। সেবার সৈয়দ মুশতাক আলিতে দিল্লি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। চলতি মরসুমে ইশান্ত দিল্লির হয়ে ধারাবাহিক পারফর্ম করেছেন, ৭ ম্যাচ থেকে ৩.৬৯-এর চিত্তাকর্ষক ইকোনমি রেটে ৮ উইকেট নিয়েছেন। তাঁর অভিজ্ঞতা অমূল্য প্রমাণিত হয়েছে। কারণ দিল্লি বিজয় হাজারে ট্রফির নকআউট পর্বে উঠেছে।
কেন ইশান্ত নেতৃত্বে?
গ্রুপ পর্বে দলকে নেতৃত্ব দেওয়া ঋষভ পন্থের অনুপস্থিতির কারণেই ইশান্তকে অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হয়েছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য বডোদরায় ভারতের ওডিআই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু অনুশীলনের সময়েই পন্থ পেশির চোট পান। এরপর সিরিজ থেকে ছিটকে যান।
আরও পড়ুন: ৪৩ বছরে প্রয়াত বিশ্বকাপজয়ী ব্রাজিলের কাকা! আদৌ এই খবর সত্যি! কী বলছে FACT CHECK?
ইশান্তের কেরিয়ার পরিসংখ্যান
ইশান্ত একসময়ে টেস্টে ভারতের প্রধান পেসার ছিলেন। তিনি তাঁর ১৪২তম ম্যাচে ২০০ লিস্ট এ উইকেট পূর্ণ করেছেন। বর্তমানে ৫০ ওভারের ফর্ম্যাটে তাঁর গড় ২৯ এর নীচে। টিম ইন্ডিয়ার হয়ে ৮০টি ওডিআই ম্যাচে, ইশান্ত ৩০.৯৮ গড়ে ১১৫ উইকেট নিয়েছেন। ৬ বার চার উইকেটও নিয়েছেন। ইশান্ত ভারতের হয়ে শেষবার ২০১৬ সালের জানুয়ারিতে একটি ওয়ানডে খেলেছিলেন। তিনি ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতের স্কোয়াডের অংশ ছিলেন। ইশান্ত দীর্ঘদিন ভারতের হয়ে খেলার সুযোগ না পেলেও আনুষ্ঠানিক ভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
