জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার ‘রেড লেটার ডে’ বাংলার বিনোদনে। আজ সব রাস্তা মিশেছে নিউটাউনে। জি ২৪ ঘণ্টা এবং স্ট্রেটলাইন ওয়ার্ল্ডওয়াইড-এর যৌথ উদ্যোগে শুরু হয়ে গেল রাজসূয় যজ্ঞ। পর্দা উঠল মেগা অ্যাওয়ার্ড শো ‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ (Zee 24 Ghanta Binodone Sera 24)-এর। নিছকই এটা আর পাঁচটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, বরং বাংলার চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি এবং ডিজিটাল দুনিয়ার সৃজনশীলতাকে কুর্নিশ জানানোর এক মেগা মঞ্চ।
‘দ্য ওয়েস্টিন রাজারহাট’ যেন আজ এক টুকরো টিনসেল টাউন। রঙিন রেজিস্ট্রেশন ডেস্ক থেকে শুরু করে রেড কার্পেট হয়ে প্রতীকী রেট্রো ভিনটেজ প্রজেক্টর মডেল! নববধূর মতো সেজেছে ‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’। মোট ২৪টি বিভাগে দেওয়া হবে এই সম্মাননা। অভিনেতা-অভিনেত্রীদের গ্ল্যামারের সঙ্গেই মিশছেন ক্যামেরার পিছনের কারিগররা অর্থাৎ পরিচালক এবং টেকনিশিয়ানদের কাজের চুলচেরা বিশ্লেষণ করে পুরস্কৃত করা হবে। এছাড়া দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে এক কিংবদন্তিকেই দেওয়া হবে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।
‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ হোস্ট করছে অভিনেতা রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র। রীতিমতো এদিন দুপুর থেকেই তাঁরা একেবারে রিহার্সাল সেরেছেন। তৈরি হয়েছেন মেগা শোয়ের জন্য়। সেরা সিনেমার সঙ্গেই সেরা অভিনেতা/অভিনেত্রী, সেরা পরিচালকের মনোনয়ন জমা পড়ে গিয়েছে। বেছে নেওয়া হবে সেরা কন্টেন্ট ক্রিয়েটারদের এবং নেটপ্রভাবীদেরও। বিনোদনের সেরাদেরই জি ২৪ ঘণ্টা কুর্নিশ জানাচ্ছে। একেবারে চাঁদের হাট বসছে…
‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ চলচ্চিত্র, ওটিটি (OTT), টেলিভিশন, সঙ্গীত এবং ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রে অসামান্য সাফল্যকে উদযাপন করে। যে সমস্ত অভিনেতা, চিত্রপরিচালক, সঙ্গীতশিল্পী এবং গল্পকারদের সৃজনশীল আবেগ ও উদ্ভাবনী ভাবনা সমকালীন বাংলা গল্প বলার ধরণকে প্রতিনিয়ত নতুনভাবে সংজ্ঞায়িত করছে, এই মঞ্চ তাঁদের সেই শ্রেষ্ঠত্বকেই সম্মানিত করে।
জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪ আরও একবার বাংলা চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি এবং সঙ্গীতের এক মাইলফলক উদযাপনে পরিণত হয়েছে। এ বছরের মনোনয়ন তালিকা বাড়তি মনোযোগ কেড়েছে, কারণ সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ) বিভাগে মনোনীত হয়েছেন সঙ্গীতসম্রাট অরিজিৎ সিং। তবে, এই পুরস্কার প্রদানের আগের দিনই তিনি তাঁর অবসরের ঘোষণা দেওয়ায় পুরো অনুষ্ঠানটিতে একটি আবেগঘন আবহ তৈরি হয়েছে। সঙ্গীতের পাশাপাশি এই মঞ্চে সেই সমস্ত অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, কন্টেন্ট ক্রিয়েটর এবং কলাকুশলীদের সম্মানিত করা হচ্ছে, যাঁরা গত এক বছরে বাংলা গল্প বলার ধারাকে সমৃদ্ধ করেছেন।
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ) – মনোনয়ন তালিকা:
অনুপম রায় – “মা” (ধূমকেতু)
অরিজিৎ সিং – “গানে গানে” (ধূমকেতু)
অরিজিৎ সিং – “ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা” (লহ গৌরাঙ্গের নাম রে)
কবীর সুমন – “সে চলে গেলেও” (লহ গৌরাঙ্গের নাম রে)
দেবায়ন বন্দ্যোপাধ্যায় – “মেঘপিয়ন” (গৃহপ্রবেশ)
জিৎ গঙ্গোপাধ্যায় – প্রজাপতি ২
রূপম ইসলাম – “মায়ার খেলারে” (মিতিন: একটি খুনির সন্ধানে)
আরমান রশিদ খান – “সাঁইয়া বিনা” (গৃহপ্রবেশ)
ঈশান মিত্র – “ঝিলমিল লাগে রে” (রঘু ডাকাত)
সবাইকে পিছনে ফেলে সেরা সংগীতশিল্পীর পুরস্কার জিতলেন অরিজিত্ সিং।
অনুষ্ঠানের সময়সূচী
‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’-এর এই জমকালো অনুষ্ঠানটি আজ, ২৯ জানুয়ারি (২০২৬) কলকাতার দ্য ওয়েস্টিন (রাজারহাট)-এ চিত্রায়িত হচ্ছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৬, বিকেল ৫টায় জি ২৪ ঘণ্টা চ্যানেলে সম্প্রচারিত হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
