জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আধুনিক খেলনার যুগে কোথাও হারিয়ে গিয়েছে মাটির পুতুলের চর্চা। মাটির পুতুল শুধুমাত্র খেলনা নয়, এটি হল বাংলা সংস্কৃতির এক বড় ও বিশেষ অংশ। এবং সেটিকেই মাথায় রেখে এখনও এই সংস্কৃতি বাঁচিয়ে রেখেছেন সাধন কুমার পাল।
মাটির পুতুল প্রাচীন বাংলার রাজধানী, কর্ণসুবর্ণ থেকে সময়ের গতিপথ পেরিয়ে বর্তমান মুর্শিদাবাদের কাঁঠালিয়া গ্রামে আজও প্রাণ পায়। সেখানেই প্রতিনিয়ত নিঃশব্দে কাজ করে চলেছেন তিনি। মাটির সঙ্গে তাঁর বন্ধুত্ব পারিবারিক। এই কাজ শুধু তাঁর পেশা নয়, তাঁর পরিচয়ও।
আরও পড়ুন: Zee 24 Ghanta Ananya Samman 2026: দীর্ঘ পথ চলাকে কুর্নিশ! অভিনয়ে ‘অনন্য়’ টোটা রায়চৌধুরী…
গঙ্গার পলিমাটি দিয়ে কুমোরের চাকা আর শিল্পীর হাতের জাদুতে প্রাণ পায় এই মাটির পুতুল। সাদা পুতুলের গায়ে লাল কালো ডোরাকাটা দাগ হলো এই পুতুলের বৈশিষ্ট্য। সময় সঙ্গে মানুষ বদলেছে, বিশ্বায়নের ধাক্কা লেগেছে পুতুল শিল্পে, তলিয়ে যেতে থাকে মাটির পুতুল শিল্পের ভবিষ্যত্।
কিন্তু ব্যটন ধরলেন তিনি। গ্রামের মৃত্ শিল্পীদের নিয়ে গঠন করলেন সমবায়।
তিনি নিয়েছেন এক সংকল্প। অঞ্চলের প্রায় ৫০০ পরিবারকে আধুনিক প্রশিক্ষণ ও পরিকাঠামোর মাধ্যমে মৃৎশিল্পকে যুগোপযোগী করে তোলা, একই সঙ্গে বিপননের ব্যবস্থা সুনিশ্চিত করা। তাঁর হাত ধরে কাঁঠালিয়ার মৃত্ শিল্পে লেগেছে আধুনিকতার ছোঁয়া আর শিল্পীরা খুঁজে পেয়েছেন তেরোশো বছরের ঐতিহ্যবাহী এই শিল্পকে আঁকড়ে ধরে বাঁচার নতুন দিশা।
মাটি আর বিশ্বাস মিলেই গড়ে ওঠে উপাসনা চিহ্ন। মন্দিরের চূড়া আর মসজিদের মিনার একসাথে আকাশ ছোঁয় কাঁঠালিয়ায়। শিল্পীদের হাতে তৈরি মিনার পৌঁছে যায় দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ ও আফগানিস্তানেও। কাঁঠালিয়ার মৃৎশিল্পীদের হাতে জন্ম নেয় সম্প্রীতির নতুন সমীকরণ।
ঐতিহ্যের লোকশিল্পকে পুনরুজ্জীবন ও সম্প্রীতির এই অনন্য অবদানের জন্য জি ২৪ ঘণ্টা অনন্য সম্মান ১৪৩২-য়ে অনন্য সাধারণ বিভাগে সম্মানিত শ্রী সাধন কুমার পাল। তাঁকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
