জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘খিদের জ্বালা’ কী তা রাস্তার ধারে, ট্রেনলাইন বা রেলস্টেশনের পাশে একমুঠো খাবারের আশায় তাকিয়ে থাকা শতশত মুখ দেখলে বোঝা যায়। খিদের জ্বালা চিরদিনই বড় কষ্টের। সেই সব ক্ষুধার্থের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার দায়িত্ব কাঁধে নিলেন কাজুলী বিশ্বাস।
১৩ ফেব্রুয়ারি, শুক্রবার, এই অনন্য সম্মানের অনুষ্ঠানে সমাজসেবায় অনন্য অবদানের জন্য সম্মানিত করা হচ্ছে কাজুলী বিশ্বাসকে।
আরও পড়ুন: Zee 24 Ghanta Ananya Samman 2026: দীর্ঘ পথ চলাকে কুর্নিশ! অভিনয়ে ‘অনন্য়’ টোটা রায়চৌধুরী…
ভোরের আলো যখন সবে স্পর্শ করেছে রাত্রিকে, তখন কাটোয়া শহরের একটি ছোট রান্নাঘরে জ্বলে ওঠে আশার আলো। ওভেনের আগুনে ফুটতে শুরু করে ডাল, ভাত, সবজি। রান্নার স্বাদে মিলেমিশে একাকার হয়ে যায় এক গৃহবধূর হৃদয়ের ভালবাসা।
গত এক বছর ধরে প্রতিদিন ভোরবেলা, নিজের হাতে রান্না করা খাবার ব্যাগে পুরে হাতে নিয়ে তিনি পৌঁছে যান বর্ধমান, হাওড়া বা শিয়ালদহ স্টেশনে। সেখানে
শিশু থেকে বৃদ্ধ সকল ক্ষুধার্থ মানুষের মুখে ভালোবাসার সঙ্গে তুলে দেন খাবারের থালা। সেই মানুষের মুখগুলোয় নিমেষে ফুটে ওঠে হাসি। তাদের সকলের দিদি তিনি।
এই হাসি ফোটাতে গিয়ে নিজের স্বামী-সংসার ত্যাগ করতে হয়েছে তাঁকে। এমনকি বিক্রি করতে হয়েছে একমাত্র অলংকার, তাঁর সোনার কালের দুল। কিন্তু দুঃখ পাননি তাতে। তাঁর কষ্টকে ছাপিয়ে গেছে আনন্দ। এখন তাঁর বড় পরিবার। সেই একান্নবর্তী পরিবার বর্ধমান, হাওড়া ও শিয়ালদহ জুড়ে। আর তিনি এই পরিবারের একমাত্র দিদি, কাজুলীদিদি।
সমাজসেবায় অনন্য অবদানের জন্য জি ২৪ ঘণ্টা অনন্য সাধারণ বিভাগে সম্মানিত শ্রীমতি কাজুলী বিশ্বাস। আপনাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
