East Bengal: নতুন স্প্যানিয়ার্ডের জোড়া গোলে মশাল জ্বালিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের


শুভপম সাহা: ২০২০-২১ (৯),  ২০২১-২২ (১১ ), ২০২২-২৩ (৯), ২০২৩-২৪ (৯), ২০২৪-২৫ (৯), ২০২৫-২৬ (?) আইএএসএল অভিষেক থেকে শুরু করে বিগত ৫ মরসুমে ইষ্টবেঙ্গল মোট চারবার ৯ নম্বরে শেষ করেছে| আরেকবার সবার শেষে ১১ নম্বরে!  

Add Zee News as a Preferred Source

ষষ্ঠ মরসুমে অস্কার ব্রুজোর দল কী করবে? ভাগ্যের চাকা ঘুরবে নাকি সেই এক চেনা ছবি! তার উত্তর পেতে এখনও বেশ কিছু মাস অপেক্ষা করতে হবে| তবে সোমবার ১৬ ফেব্রুয়ারি, যুবভারতীতে নিজেদের প্রথম ম্যাচে দুরন্ত ইস্টবেঙ্গল, জন আব্রাহামের নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-০ জয় ছিনিয়ে প্রত্যাশার পারদ চড়িয়ে দিল এখনই…

এদিন জুয়ান পেদ্রো বেনালির ডুরান্ড চ্যাম্পিয়ন টিমের বিরুদ্ধে, অস্কার তাঁর প্রথম একাদশ সাজালেন গোলে গিলকে রেখে| ডিফেন্সে তিনি খেলালেন আনোয়ার-লালচুংনুনগা-জয় গুপ্তাকে| মিগুয়েল, নন্দকুমার, সল ক্রেসপো, জিকসন সিং, বিপিন সিং ও রশিদকে নিয়ে মাঝমাঠ| ফরোয়ার্ডে জাপানি হিরোসির পরিবর্ত নবাগত স্প্যানিশ বিদেশি ইউসুফ এজেজারি| 

এদিন প্রথমার্ধে ইস্টবেঙ্গল যেমন অ্যাটাক করল, তেমনই হাই-প্রেসিং এবং পাসিং ফুটবল খেলল| এমনকী সিংহভাগ বল পজেশনও লাল-হলুদেরই থাকল! শুধু গোলটাই এল না| ভাগ্য সঙ্গ দিল না| ৩৬ মিনিটে রশিদের আগুনে শট ক্রসবারে লেগে না ফিরলে বিরতিতে এক গোলে এগিয়েই মাঠ ছাড়তে পারত ইস্টবেঙ্গল| রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড সামগ্রিক ভাবে ভালো ফুটবল খেলেছে| তবে হাইল্যান্ডার্সরা দু’প্রান্ত দিয়ে আক্রমণে বারবার বিপজ্জনক হয়ে উঠেছিলেন| বিশেষ করে জিতিন সামনে থেকে আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। তবে প্রথমার্ধে তিন মিনিট যোগ করা হলেও কোনও বদল আসেনি| 

আরও পড়ুন-৪১ বছরের হিমাচলের ক্রিকেটারের কল্যাণীর মাঠে মাইলস্টোন, ৯২ বছরের রঞ্জির ইতিহাসে গড়লেন অবিশ্বাস্য নজির…

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর আগেই বোঝা গিয়েছিল যে, লাল-হলুদের গোল আসা শুধু সময়ের অপেক্ষা| ৬৫ মিনিটে বিপিনের ভাসানো ক্রস থেকে অভিষেককারী ইউসুফ এজেজারি হেড করে জালে বল জড়িয়ে দেন|  গোলের রেশ কাটতে না কাটতে আবার সেই ইউসুফ| দুরন্ত টিম গেমে নর্থ ইস্টের রক্ষণ কাঁপিয়ে দ্বিতীয় গোল করে লাল-হলুদ| ৭০ মিনিটে চাপের মধ্যেই বিপিনের থেকে পাওয়া বল নিয়ে, বাঁ প্রান্ত থেকে দারুণ ভাবে নিয়ন্ত্রণ করে দৌড়ান এডমন্ড। এরপর ইউসুফকে লক্ষ্য করে উঁচু লব তুলে দেন বক্সের ভেতরে। ক্রসটি সামান্য ডিফ্লেকশন খেয়েও সেই স্প্যানিশের কাছেই এসে পড়ে। কাছ থেকে সহজ সুযোগ পেয়ে কোনও ভুল না করে তিনি বল জালে জড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধে ছ’মিনিট যোগ করেন রেফারি| সেখানে মিগুয়েল গোল করে নর্থ ইস্টের কফিনে শেষ পেরেক পুঁতে দেন| 

এই ইস্টবেঙ্গল যদি নিজেদের মধ্যে বোঝাপড়ার বিষয়টাও আরও একটু ভালো করে ফেলে, তাহলে কিন্তু নতুন বিদেশিকে নিয়ে অস্কার স্বপ্ন দেখতেই পারেন, সঙ্গে অবশ্যই সারা বিশ্বের ইস্টবেঙ্গল সমর্থকরা|

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *