জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলার লোকসংস্কৃতি আর উৎসবের আড়ালে লুকিয়ে থাকা রহস্য নিয়ে বড়পর্দায় ফিরছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। তাঁর নতুন ছবি ‘চড়ক’ (CHARAK) পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের গল্প বলবে। চড়ক উৎসবের কঠোর আচার-অনুষ্ঠান, রঙিন ভক্তি আর লোককথার মোড়কে এই সাসপেন্স থ্রিলারটি নির্মাণ করা হয়েছে বাস্তব ঘটনার অনুপ্রেরণায়।
এক শহুরে দম্পতির গ্রামে আগমন এবং গ্রামের কয়েকটি পরিবারের জীবনকে কেন্দ্র করে এগিয়েছে ছবির কাহিনী। উৎসবের উন্মাদনার মাঝেও এক অজানা অস্বস্তি দানা বাঁধতে থাকে। যখন বিশ্বাস আর ভয় মানুষকে চরম সীমানায় পৌঁছে দেয়, তখনই শুরু হয় আসল রহস্য। লোককথা আর বাস্তবের মিশেলে ছবিটি প্রশ্ন তোলে—ভক্তি আর অন্ধ আসক্তির মাঝের সীমারেখাটা ঠিক কোথায়? প্রতিটি আচারের আড়ালে লুকিয়ে থাকে এক অজানা গল্প, যা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখবে।
‘চড়ক’ শিলাদিত্যর কাছে কেবল একটি সিনেমা নয়, বরং এক পরম শ্রদ্ধাঞ্জলি। এটি তাঁর হিন্দি ভাষায় দ্বিতীয় কাজ (প্রথমটি ছিল ‘মিসেস স্কুটার’)। শিলাদিত্য জানান, এই ছবিটি তাঁর বাবার উপস্থাপনায় শেষ কাজ। গত নভেম্বর মাসে বাবার প্রয়াণ তাঁকে গভীরভাবে শোকাহত করেছে। পরিচালকের কথায়, “আমার একটাই আক্ষেপ, বাবা শেষ পর্যন্ত ছবিটা দেখে যেতে পারলেন না। প্রতিটি ফ্রেমে তাঁর অনুপস্থিতি টের পাই। এই ছবিটা তাঁর সাহস আর ভরসার প্রতি আমার সম্মান।”
সঞ্জয় হালদারের ছোটগল্প অবলম্বনে তৈরি এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক মালিক। অভিনয়ে রয়েছেন অঞ্জলি পাটিল, মহম্মদ সাহিদুর রহমান, সুব্রত দত্ত, দেবাশিস মণ্ডল ও কৌশিক করের মতো শক্তিশালী অভিনেতারা। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন মানস ভট্টাচার্য এবং প্রশান্তনু মহাপাত্র।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
