জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘হুইল অফ ফরচুন’-এর মঞ্চে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শক। সাধারণত বিনোদন এবং মজার ছলে কাটলেও, সাম্প্রতিক এক পর্বে বর্ণবৈষম্যের মতো অত্যন্ত স্পর্শকাতর ও গম্ভীর বিষয় নিয়ে কড়া বার্তা দিলেন অভিনেতা অক্ষয় কুমার। মুম্বইয়ের মতো শহরে উত্তর-পূর্ব ভারতের মানুষেরা যে ধরণের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন, তা নিয়ে প্রকাশ্যেই নিজের ক্ষোভ উগরে দেন অভিনেতা।
ঘটনার সূত্রপাত হয় শো-এর এক প্রতিযোগীর বক্তব্যে। উত্তর-পূর্ব ভারত থেকে আসা ওই প্রতিযোগী জানান, নিজের চেহারার কারণে মুম্বইয়ের রাস্তায় তাঁকে প্রায়ই বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হতে হয়। তাঁকে ‘চিনা’ বলে বিদ্রূপ করা থেকে শুরু করে কোভিড ছড়ানোর মতো অনভিপ্রেত অভিযোগও সইতে হয়েছে। প্রতিযোগীর এই কথা শুনে স্তম্ভিত হয়ে যান অক্ষয়। বিষয়টি কতটা ভয়াবহ, তা বোঝাতে তিনি মঞ্চে ডেকে নেন তাঁর নিজস্ব মেকআপ আর্টিস্ট কিম-কে।
মণিপুরের বাসিন্দা কিম জানান, বছরের পর বছর অক্ষয়ের সঙ্গে কাজ করা সত্ত্বেও সাধারণ মানুষের কাছ থেকে তাঁকে ‘চিঙ্কি’ বা ‘মোমো’-র মতো কুরুচিকর ডাক শুনতে হয়। কিমের এই স্বীকারোক্তি শো-এর পরিবেশ বদলে দেয়। অক্ষয় দৃঢ় কণ্ঠে বলেন, “আজ কিমের কথা শুনে আমি নিশ্চিত যে এই বৈষম্য আজও বর্তমান। আমি গোটা ভারতকে বলতে চাই, উত্তর-পূর্বের মানুষরা আমাদের মতোই ভারতীয়। তাঁরা আলাদা নন।”
আরও পড়ুন- Author Sankar Passes Away: আর সীমাবদ্ধ নন, চৌরঙ্গীর জনঅরণ্যে মিলিয়ে গেলেন শংকর…
অক্ষয় ভারতের বীর যোদ্ধাদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কার্গিল যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ— সর্বত্রই নাগা রেজিমেন্টের অবদান অনস্বীকার্য। দেশের জন্য তাঁরা রক্ত দিয়েছেন। দীর্ঘ তিন দশকের কেরিয়ারে অক্ষয় বরাবরই সামাজিক ইস্যু নিয়ে মুখ খুলেছেন, এবারও টেলিভিশনের পর্দায় তাঁর এই মানবিক রূপ দেখে আপ্লুত নেটিজেনরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
