Movies
oi-Poushali Patra
মুক্তির পর থেকেই বক্স অফিসে দুরন্ত ছুটছে যুদ্ধভিত্তিক ছবি ‘বর্ডার ২ (Border 2)’। প্রথম সপ্তাহান্তেই দেশে থেকে শুরু করে বিদেশে মিলিয়ে ছবির মোট আয় পৌঁছে গিয়েছে প্রায় ১৬৭ কোটি টাকায়। তিন দিনের মধ্যেই ছবিটি সানি দেওলের আগের ছবি ‘জাত (Jaat)’ এর মোট আয়কে ছাপিয়ে গিয়েছে।

বক্স অফিস সূত্রে জানা গিয়েছে যে, প্রথম দিনে কিছু সকালের শো বাতিল হওয়া সত্ত্বেও ‘বর্ডার ২ (Border 2)’ ভারতে প্রায় ৩০ কোটি টাকা নেট আয় করে। গত শনিবার আয়ে ভালো বৃদ্ধি দেখা যায় এবং রবিবার সমস্ত রেকর্ড ভেঙে ছবিটি একদিনে ৫৪.৫০ কোটি টাকা নেট কালেকশন করে। প্রথম তিন দিনে ভারতে ছবির মোট নেট আয় দাঁড়িয়েছে প্রায় ১২১ কোটি টাকা, যা গ্রস হিসেব (Gross Calculation)-এ প্রায় ১৪২.৫ কোটি।
বিদেশের বাজারেও ছবিটি খুব ভালো সাড়া পেতে শুরু করেছে। আন্তর্জাতিক স্তরে প্রায় ২৬ লক্ষ ডলার আয় হয়েছে। যার ফলে তিন দিনে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৬৭ কোটি টাকা। ট্রেড বিশ্লেষকেরা মনে করছেন যে, রিপাবলিক ডে উপলক্ষে ছুটি থাকার কারণে আগামী দিনে ছবির আয় ২০০ টাকা থেকে ২৫০ কোটি ছুঁতে পারে।
এই সাফল্যের কারণে ‘বর্ডার ২ (Border 2) চলতি বছরে প্রথম হিন্দি ছবি হিসেবে ১০০ কোটির গণ্ডি পার করল। সেইসঙ্গে, রবিবারই ছবিটি সানি দেওলের আগের ছবি ‘জাত (Jaat)’-এর আজীবন আয় (প্রায় ১১৯ কোটি টাকা) ছাড়িয়ে গিয়েছে।
ভূষণ কুমার, কৃষণ কুমার, জে.পি. দত্ত এবং নিধি দত্ত প্রযোজিত এই ছবিতে সানি দেওলের সঙ্গে রয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টি, মোনা সিং, সোনম বাজওয়া ও আনিয়া সিং। ২০২৬ সালের বলিউডের প্রথম বড় মুক্তি হিসেবে ইতিমধ্যেই ছবিটি বড়সড় সাড়া ফেলেছে।
