ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের | নির্বাচন কমিশন: ভবানীপুরে ৪ পুলিশ সাসপেন্ড | EC Suspends 4 Bengal Police Officers After Clash


Kolkata

-Ritesh Ghosh

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। দিন কয়েক আগে ভবানীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো ঘিরে যে ব্যাপক অশান্তির ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় চারজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন।

কমিশনের নির্দেশ অনুযায়ী, সাউথ ডিভিশনের ডেপুটি কমিশনার (ডিসি-২) সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, আলিপুর থানার অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং আলিপুরের সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। এই আধিকারিকদের বিরুদ্ধে কর্তব্য অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। একইসঙ্গে, সংশ্লিষ্ট চারজন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশ আগামীকাল রবিবার ৫ এপ্রিল সকাল ১১টার মধ্যে কার্যকর করতে হবে। পাশাপাশি, এই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্টও কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে। ভোটের আগে এই ধরনের কড়া পদক্ষেপ প্রশাসনের প্রতি একটি স্পষ্ট বার্তা দিয়েছে এবং আইনশৃঙ্খলার বিষয়ে কোনো আপস না করার ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, এই ঘটনা ঘিরে এর আগে লালবাজারও পদক্ষেপ নিয়েছিল। উক্ত রোড শোয়ের নিরাপত্তার মূল দায়িত্বে ছিলেন দুই শীর্ষ পুলিশ কর্তা – সাউথ ডিভিশনের ডিসি-২ সিদ্ধার্থ দত্ত এবং ডিসি-২ (রিজার্ভ ফোর্স) মানস রায়। গত বৃহস্পতিবারের ঘটনার দিন পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত না রাখা এবং পুলিশের অনুমতি ছাড়াই কীভাবে এত বড় জমায়েত হলো, এই প্রশ্নের জবাব চেয়ে তাঁদের শোকজ করা হয়েছিল।

গত বৃহস্পতিবার ভবানীপুরে শুভেন্দু অধিকারী তাঁর মনোনয়ন জমা দিতে রোড শো করে সার্ভে বিল্ডিংয়ের দিকে যাচ্ছিলেন। সেই রোড শো’তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির এই কর্মসূচির পালটা হিসাবে ভবানীপুরে সকাল থেকেই তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত শুরু হয় এবং বিভিন্ন জায়গায় তাঁরা কালো পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। রাজনৈতিক উত্তেজনা সেই সময় চরমে পৌঁছায়।

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে রোড শো পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি স্লোগান, যা দ্রুত হাতাহাতিতে গড়ায়। এই সংঘর্ষের ফলে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা ভঙ্গের এমন গুরুতর অভিযোগে নির্বাচন কমিশন তাই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed