West Bengal
-Ritesh Ghosh
পশ্চিমবঙ্গের সাতটি বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রার্থী বদল করল কংগ্রেস। গত ১ এপ্রিল প্রার্থী তালিকা প্রকাশ হতেই দলের অন্দরে ব্যাপক বিক্ষোভ, তর্কাতর্কি ও হাতাহাতি থেকে সংঘর্ষ পর্যন্ত গড়ায়। শতাব্দী প্রাচীন দলটি সবার শেষে প্রার্থী ঘোষণা করেও এই তীব্র কোন্দল ও প্রতিবাদ ঠেকাতে ব্যর্থ হয়।
দুই দশক পর পশ্চিমবঙ্গে কংগ্রেস একা লড়ছে। প্রার্থী তালিকা ঘিরে টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ ওঠে, যা দলের অভ্যন্তরে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে, যেখানে বিক্ষুব্ধ কর্মীরা “টিকিট চোর, গদি ছোড়!” লেখা ফ্লেক্স টাঙিয়ে প্রতিবাদ করেন।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, বিক্ষুব্ধ কর্মীদের সাথে দলীয় কর্মীদের মারামারিতে এক কংগ্রেস কর্মীর মাথা রড দিয়ে ফাটানো হয়। চেয়ার দিয়ে আঘাত, ধাক্কাধাক্কি ও ঘুষিও চলে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই গোলযোগ নিয়ন্ত্রণে আনতে বিধান ভবনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। ভোটের আগে এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস।
নদিয়ার নাকাশিপাড়ায় গোলাম কিবরিয়া মণ্ডলের জায়গায় শেখ তাহির, চাপড়ায় রাহিদুল মণ্ডলের বদলে আসিফ খান প্রার্থী হয়েছেন। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বর্ণালী নস্করের বদলে সুনয়না বিশ্বাস, হাওড়ার মন্দিরবাজারে ডঃ কৌশিক বৈদ্যর জায়গায় চাঁদ সর্দারকে টিকিট দেওয়া হয়েছে।
এছাড়া পূর্ব বর্ধমানের রায়নায় অনীক সাহার বদলে পম্পা মালিক, কেতুগ্রামে মহম্মদ মফিরুল কাসেমের পরিবর্তে আবু বক্কর এবং আউশগ্রামে নিশা বড়ালের স্থানে তাপস বড়ালকে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের অভ্যন্তরে তৈরি হওয়া এই সংকট সামাল দিতেই এই সিদ্ধান্ত।
