রায়গঞ্জের সভায় বিজেপি, আরএসএস ও তৃণমূলকে একযোগে আক্রমণ রাহুল গান্ধীর | রাহুল গান্ধী রায়গঞ্জে বিজেপি ও তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন | Rahul Gandhi Raiganj Rally Attacks BJP RSS TMC


West Bengal

-Ritesh Ghosh

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক নির্বাচনী জনসভায় মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, এই দুই সংগঠনের “ঘৃণা-ভরা চিন্তাভাবনা” ভারতের সংবিধানকে ধ্বংস করছে। রাহুল আরও দাবি করেন যে, গেরুয়া শিবির কেবল ভোট চুরি করছে না বরং দেশের গণতন্ত্রকেও পরিকল্পিতভাবে নষ্ট করছে।

২০২৪ সালের লোকসভা ভোটে বাংলার প্রচারে আসেননি রাহুল গান্ধী। তা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল কংগ্রেস দলকে। এবার বেশ কয়েকবছর পরে বাংলার ভোট প্রচারে এসে রাহুল গান্ধী রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসেরও কঠোর সমালোচনা করেন। রাহুল গান্ধী দাবি করেন, তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের যুবকদের দেওয়া চাকরির প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

এই গুরুতর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে ৮৪ লাখ যুবক ইতিমধ্যেই বেকার ভাতার জন্য আবেদন করেছেন।”

প্রসঙ্গত, এবছরের নির্বাচনে কংগ্রেস বহুদিন পর একক দক্ষতায় নির্বাচনী ময়দানে নেমেছে। সবকটি আসনে জাতীয় কংগ্রেসের প্রতীকেই কোনও জোট ছাড়া তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ২০১১ সালের নির্বাচনে কংগ্রেস জোট বেঁধেছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে। সেবছর ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটে।

তারপরে ২০১৬ সালে এবং পরবর্তী একাধিক নির্বাচনে বামেদের সঙ্গে জোট নয়, তবে আসন সমঝোতা করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে কংগ্রেস। তবে গত দুটি বিধানসভা নির্বাচনে তাঁদের ফলাফল খুবই খারাপ হয়েছে। এবার দেখার, একা লড়াই করে কতদূর এগোতে পারে রাহুল গান্ধীর দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *