বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? | পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফায় মুর্শিদাবাদে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী | WB Election CAPF Deployment


West Bengal

-Ritesh Ghosh

পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন আগামী ২৩ এপ্রিল। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রথম দফায় মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, যেখানে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরেই থাকছে সবচেয়ে বেশি সংখ্যক বাহিনী। দীর্ঘদিন ধরেই রাজ্যে সেনাবাহিনী উপস্থিত রয়েছে এবং বিভিন্ন এলাকায় রুটমার্চও চলছে।

প্রথম দফায় উত্তরবঙ্গের জেলাগুলি- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদহ মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভোটগ্রহণ হবে। এই অঞ্চলগুলিতে রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচার চালাচ্ছে, যার ফলে নির্বাচনকে ঘিরে উত্তাপ বেড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, মুর্শিদাবাদ জেলায় সর্বোচ্চ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে। মোট ৩১৬ কোম্পানি বাহিনীর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলায় থাকছে ২৪০ কোম্পানি, আর জঙ্গিপুরে ৭৬ কোম্পানি। অতীতের রক্তক্ষয়ী ওয়াকফ আন্দোলন ও এনআরসি সংক্রান্ত হিংসার কারণেই এই জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

মুর্শিদাবাদের পরেই দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর, যেখানে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। রাজনৈতিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা হিসেবে বিবেচিত। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম এই জেলাতেই অবস্থিত হওয়ায় এবারের নির্বাচনে এর উপর বিশেষ নজর রয়েছে।

অন্যান্য জেলাগুলির মধ্যে, উত্তর দিনাজপুরকে ইসলামপুর ও রায়গঞ্জে ভাগ করে যথাক্রমে ৬১ ও ৭১ কোম্পানি বাহিনী রাখা হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ৪৪ কোম্পানি এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১২৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। দার্জিলিংয়ে ৬১, কালিম্পংয়ে ২১, জলপাইগুড়িতে ৯২ এবং আলিপুরদুয়ারে ৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে কমিশন সূত্র জানিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *