ঝালমুড়ি পর্বের পরই খোঁচা! মমতা এবার মোদীকে দিলেন মাছ-ভাত খাওয়ার চ্যালেঞ্জ | মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে দিলেন মাছ খাওয়ার চ্যালেঞ্জ | Mamata Banerjee Challenges PM Modi At Khardaha Rally


West Bengal

-Ritesh Ghosh

চলমান বিধানসভা নির্বাচনের প্রচারে রাজনৈতিক তরজা তুঙ্গে। খড়দহের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক চ্যালেঞ্জ জানিয়েছেন। ‘ঝালমুড়ি’ খাওয়ার প্রসঙ্গ টেনে ব্যক্তিগত কটাক্ষের পাশাপাশি তিনি ইভিএম নিরাপত্তা ও কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

প্রসঙ্গত, একদিন আগে ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার মুহূর্তটি সমাজমাধ্যমে ভাইরাল হয়। দশ টাকা দিয়ে বিক্রম নামের এক যুবকের দোকান থেকে তিনি মুড়ি কেনেন। মুড়ি বানানোর আগে দোকান মালিকের ‘ঝাল খাবেন?’ প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তর দেন ‘হ্যাঁ’।

এই বিরল দৃশ্য দেখে অনেকে চমকে যান। তবে দ্রুত মোবাইলে প্রধানমন্ত্রীর মুড়ি খাওয়ার ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করা হয়। মুহূর্তেই সেই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।

প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার পর একদিন কাটতে না কাটতেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দহের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, “ঝালমুড়ি খেলেন, এবার মাছটা খেয়ে দেখবেন নাকি?” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় নিজ হাতে মাছ রান্না করে প্রধানমন্ত্রীকে ‘মাছ ভাত’ খাওয়ানোর প্রস্তাব দেন। বর্তমানে ‘ঝালমুড়ি’ খাওয়ার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক বাগযুদ্ধকে তীব্র করেছে।

ব্যক্তিগত আক্রমণ ছাড়াও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা এদিন উদ্বেগ প্রকাশ করেন। ইভিএম বদলের চেষ্টার অভিযোগ তুলে কর্মী-সমর্থকদের সতর্ক করে তিনি বলেন, “ইভিএম-এর উপর কড়া নজর রাখতে হবে, পাহারা দিতে হবে।” কেন্দ্রীয় সংস্থাগুলিকেও একহাত নিয়ে তাঁর জিজ্ঞাসা ছিল, “ওদের সব এজেন্সির ক্ষমতা বড়, না মানুষের ক্ষমতা বড়—আমিও দেখতে চাই।”

বাংলার প্রতি অত্যাচারের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “গণতান্ত্রিক ভাবে তার বদলা তো নেবই, ভোটের বাক্সেই তার জবাব দেওয়া হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *