আরজি কর ও সন্দেশখালি কাণ্ডের তদন্তে নতুন কমিশন গঠনের ঘোষণা শুভেন্দু অধিকারীর | শুভেন্দু অধিকারী: আরজি কর ও সন্দেশখালি কাণ্ডের তদন্তে নতুন কমিশন গঠনের ঘোষণা | Suvendu Adhikari To Form Commission For RG Kar Probe


West Bengal

-Ritesh Ghosh

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর আরজি কর (RG Kar) কাণ্ডের তদন্তে নতুন করে কমিশন গঠনের ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, শুধু আরজি কর নয়, সন্দেশখালি-সহ রাজ্যের যেখানেই নারী নির্যাতনের অভিযোগ উঠেছে, প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পূর্বের ‘জনতার চার্জশিট’-এর প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেয়। বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত সেই চার্জশিটে মা-বোনেদের নিরাপত্তা ছিল সর্বাগ্রে। শুভেন্দু আশ্বস্ত করেছেন যে, নবনির্বাচিত বিজেপি সরকার এই প্রতিশ্রুতি পালনে এক চুলও নড়বে না।

শুক্রবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের উপস্থিতিতে অমিত শাহ শুভেন্দুকে পরিষদীয় দলের নেতা হিসেবে মনোনীত করেন। এরপরই নিজের প্রথম ভাষণে শুভেন্দু এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন।

নিজের ভাষণে শুভেন্দু উল্লেখ করেন, “চার্জশিট প্রকাশের দিন অমিত শাহজী বাংলার মানুষকে দু’টি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সন্দেশখালি থেকে আরজি কর— যেখানেই মা-বোন-কন্যাদের ওপর অত্যাচার হয়েছে, সেখানে কমিশন বসবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মার্চ মাসে প্রকাশিত বিজেপির ১৫ দফার চার্জশিটে আরজি কর, সন্দেশখালি এবং কসবা আইন কলেজের ঘটনা উল্লেখ করে নারী নিরাপত্তা ইস্যুতে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করা হয়েছিল। হবু মুখ্যমন্ত্রীর বর্তমান ঘোষণা সেই নির্বাচনী প্রতিশ্রুতিরই বাস্তবায়ন বলে মনে করা হচ্ছে।

আরজি কর ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযানের ডাক দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। সেসময় তিনি নির্যাতিতার বাবার পাশে দাঁড়িয়ে হুঙ্কার দেন, “বাকি লড়াইটা আমরা লড়ে নেব।”

নির্বাচনের আগে অভয়ার মা বিজেপিতে যোগ দেন এবং পানিহাটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেছিলেন, “মেয়ের বিচার এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার জন্য বিজেপির হাত ধরাই প্রয়োজন মনে করেছি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ পর্যন্ত, নির্বাচনী জনসভাগুলিতে বারবার আরজি কর প্রসঙ্গ তুলে শাসকদলকে বিঁধেছিলেন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর ‘কমিশন’ গড়ার এই বার্তা দীর্ঘ প্রতীক্ষিত বিচার প্রাপ্তির লড়াইয়ে নতুন আশার সঞ্চার করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *