তদন্তে নেমে মুম্বইয়ের একটি সংস্থার সঙ্গে কলকাতার ওই আর্থিক প্রতিষ্ঠানের যোগ পান ইডি আধিকারিকেরা। কোটি কোটি টাকা লেনদেনের কারণে কোম্পানির ডিরেক্টরদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর। তার আগে কলকাতার ২টি অফিস থেকে বিপুল পরিমাণে নথিপত্র সংগ্রহ করেন তদন্তকারীরা। এদিন গুরুসদয় রোডে কোম্পানির এক পদস্থ অধিকারিকের বাড়িতেও হানা দেন অফিসারেরা। ইডি সূত্রে খবর, ২০০৮ সাল থেকে কলকাতায় ওই কোম্পানির অফিস সক্রিয় রয়েছে। ওই অফিসগুলির মাধ্যমেই বিভিন্ন অ্যাকাউন্টে টাকা গিয়েছে বলে তথ্য পাওয়া যায়।
এদিন সকালে আচমকা যখন দু’টি অফিসে পৌঁছন ইডি আধিকারিকেরা, তখন সেখানে মাত্র ২ থেকে ৩ জন কর্মচারী কাজ করছিলেন। পরে আরও কয়েক জন আসেন। কিন্তু আশপাশের অফিসের কর্মীরা ইডি অফিসারদের জানান, বেশ কিছুদিন ধরেই ওই প্রতিষ্ঠানে অধিকাংশ কর্মচারী কাজে আসছেন না। এমনকী, পদস্থ আধিকারিকরাও আসা বন্ধ করে দিয়েছেন। কলকাতা থেকে ওই সংস্থার অফিস গোটানোর পরিকল্পনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখছে ইডি।
